Sylhet Today 24 PRINT

সিলেটে সন্ত্রাসী হামলায় আহত ছাত্রলীগ নেতাকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর, আটক হয়নি কেউ

নিজস্ব প্রতিবেদক |  ৩১ জানুয়ারী, ২০১৭

সিলেটের টিলাগড়ে গতকাল সোমবার রাতে মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় আহত জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম রহমান চৌধুরী রাজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে তাঁকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান রাজনের বড় ভাই আইনজীবী গোলাম সোবহান চৌধুরী।

গতকাল সোমবার রাতে তাৎক্ষনিকভাবে গুরুতর আহত রাজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

গোলাম রহমানের বড় ভাই আইনজীবী গোলাম সোবহান চৌধুরী জানান, পঙ্গু হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিক পর্যবেক্ষণ শেষে জানিয়েছেন, রাজনের দুই পা ও হাতে সাতটি কোপ রয়েছে। কোপে ডান পায়ের হাড় ভেঙে গেছে। বাঁ হাতের দুটো আঙুলও প্রায় বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে নয়টার দিকে টিলাগড় মোড়ে মুখোশধারী তিনজন দুর্বৃত্ত গোলাম রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ সময় তাঁর সঙ্গে থাকা এহসানুল করিম মাবরুর ও তানিম আহমদও আহত হন।

আহত এহসানুল ও তানিম সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি জানান, ঘটনার পরপরই পুলিশের একটি দল সেখানে যায়। হামলাকারীদের শনাক্ত করে আটকের চেষ্টায় করছে পুলিশ।

উল্লেখ্য, একই দিন সকালে টিলাগড়ে ছাত্রদলের মিছিলে সন্ত্রাসী হামলায় তিনজন আহত হন। ছাত্রদল ওই ঘটনার জন্যে ছাত্রলীগকে দায়ি করেছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.