Sylhet Today 24 PRINT

এক টেবিলে সিলেটের শিক্ষাঙ্গনের ‘চার স্তম্ভ’

নিজস্ব প্রতিবেদক |  ৩১ জানুয়ারী, ২০১৭

সিলেটের সর্বোচ্চ চার শিক্ষাপ্রতিষ্ঠানের উপাচার্যগণ এক টেবিলে উপস্থিত হয়ে শিক্ষাঙ্গন সহ সমাজের অন্যান্য বিষয়ে আলোচনা করেছেন। সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম-এর প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে উপস্থিত হয়ে তাঁরা তাঁদের অনুভূতি প্রকাশ সহ দিকনির্দেশনা দেন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য ড. আমিনুল হক ভূঁইয়া, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য ড. প্রফেসর সালেহ উদ্দিন আহমদ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মনির উদ্দিন আহমেদ এবং লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরীর উপস্থিতিতে মোড়ক উন্মোচিত হয় সিলেটটুডে টোয়েন্টিফোরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারক প্রকাশনার। তাঁরা সুধী সমাবেশেও বক্তব্য রাখেন।

এ সময় অনলাইন সংবাদ মাধ্যমের বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সিলেটটুডে'র সংবাদ প্রকাশের প্রশংসা করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আমিনুল হক ভূঁইয়া বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে অনলাইন গণমাধ্যম মানুষের কাছে এখন সহজলভ্য, আর সিলেটটুডে তার স্বকীয়তা এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে যে ভূমিকা রেখে চলেছে তা সত্যি প্রশংসনীয়। তিনি এ সময় সিলেটটুডের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
 
সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. সালেহ উদ্দিন আহমদ তার বক্তব্যে বলেন, "অনলাইন গণমাধ্যমের এ জোয়ারের সময় প্রতিদিনই নতুন নতুন সাইট খুলছে আর কদিন যেতে না যেতেই সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে সিলেটটুডে দুই বছর অতিক্রম করে তৃতীয় বর্ষে পদার্পণ করার কারণে সম্পাদকমণ্ডলী এবং কর্মরত সাংবাদিকদের অভিনন্দন জানান। এসময় তিনি নগরীর নাইওরপুলে নির্মিত দৃষ্টিকটু স্থাপনা নিয়ে সংবাদ প্রকাশ না করায় সাংবাদিকদের সমালোচনা করেন, এবং ভবিষ্যতে এসব ক্ষেত্রে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান।

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মনির উদ্দিন আহমেদ অনলাইন গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে বলেন, সিলেটটুডে বিগত বছরগুলোর মতোই তাদের সৎ সাংবাদিকতা অব্যাহত রাখবে বলে আশা করছি।

লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম-এর বিগত বছরগুলোর মূল্যায়ন করতে গিয়ে বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিই জানান দেয় এই গণমাধ্যমটি কতোটা জনপ্রিয় ও মানসম্মত। এসময় তিনি বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম জনসম্মুখে তুলে ধরতে সাংবাদিকদের তাগিদ দেন।

সাংবাদিক দেবাশীষ দেবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.