Sylhet Today 24 PRINT

প্রশংসা কুড়িয়েছে শাহ আব্দুল করিমের জীবনভিত্তিক চলচ্চিত্র ‘রঙের দুনিয়া’

হবিগঞ্জ প্রতিনিধি |  ০১ ফেব্রুয়ারী, ২০১৭

হবিগঞ্জে উদ্বোধনী প্রদর্শনীতে গুণীজন, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণের প্রশংসা কুড়িয়েছে বাউল সাধক শাহ আব্দুল করিমের জীবনভিত্তিক চলচ্চিত্র ‘রঙ্গের দুনিয়া’।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় আরডি হলে বাউল সাধক শাহ আব্দুল করিমের জীবনভিত্তিক চলচ্চিত্র ‘রঙ্গের দুনিয়া’ এর উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীর পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন প্রধান অতিথি হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, বিশেষ অতিথি ছিলেন ছবিটির প্রযোজক গোলাম আনিস চৌধুরী ও মুকিত চৌধুরী।

১ ঘণ্টা ৪২ মিনিটের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি দেখে হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেন, বৃহত্তর সিলেট মরমী ভাবনায় উর্বর একটি অঞ্চল। শাহ আব্দুল করিম সিলেট তথা বাংলার ভাব জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তার জীবন নিয়ে হবিগঞ্জের পরিচালক ও কলাকুশলীরা এক দু:সাহসী কর্ম সম্পাদনা করেছেন। আমি মনে করি ‘রঙ্গের দুনিয়া’ চলচ্চিত্রটি শুধুমাত্র জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক পর্যায়েও আলোচিত হওয়ার যোগ্যতা রাখে।

প্রদর্শনী পরবর্তী আলোচনায় অংশ নেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, ডা. মো. জমির আলী, সাবেক পিপি এডভোকেট আকবর হোসেন জিতু, কবি ও কলামিস্ট তাহমিনা বেগম গিনি, শিশু সংগঠক বাদল রায়, সাংবাদিক রুহুল হাসান শরীফ, এডভোকেট হুমায়ুন কবির সৈকত, কবি শরদিন্দু ভট্টাচার্য টুটুল, বাপা জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, প্রগতি লেখক সংঘ হবিগঞ্জের সাধারণ সম্পাদক, তানসেন আমীন প্রমুখ।

‘রঙ্গের দুনিয়া’ চলচ্চিত্রে শাহ আব্দুল করিমের শৈশব, যৌবন ও পরিণত বয়সের বিভিন্ন পর্যায়ের সাধনা এবং সংগ্রামের চিত্রগুলো উঠে এসেছে। সিদ্দিকী হারুনের কাহিনী ও চিত্রনাট্য এবং তরুণ নির্মাতা মোক্তাদির ইবনে ছালামের পরিচালনায় নির্মিত ‘রঙ্গের দুনিয়া’ চলচ্চিত্রটি ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে আলোচিত হয়েছে।

চলচ্চিত্রের পরিচালক মোক্তাদির ইবনে ছালাম বলেন, আমার জীবনের বড় রকমের একটি সংগ্রামের ফসল এই ছবি। আমি হবিগঞ্জের সন্তান। তাই হবিগঞ্জে উদ্বোধনী প্রদর্শনীর মাধ্যমেই এই চলচ্চিত্রের যাত্রা শুরু করেছি।

‘রঙ্গের দুনিয়া’ চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রসমূহে অভিনয় করেছেন খাইরুল আলম সবুজ, ঝুনা চৌধুরী, আগুন, স্বাধীন খসরু, আব্দুল আজীজ, শিরিন বকুল, শানারাই দেবী শানু, আশিকসহ হবিগঞ্জের একদল নাট্যকর্মী।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.