নিজস্ব প্রতিবেদক | ০৩ ফেব্রুয়ারী, ২০১৭
"Keep Around Clean, Make Environment Green" স্লোগানে নগরীর টিলাগড় ইকোপার্ক এলাকায় শুক্রবার সকালে এক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণি অধিকার ও জীববৈচিত্র সংরক্ষণ বিষয়ক সংগঠন ‘প্রাধিকার’।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট জেলা ও ভূমিসন্তান বাংলাদেশ’র সহযোগিতায় এ অভিযানে অংশ নেয় শ’খানেক স্বেচ্ছাসেবক। ছয়টি দলে ভাগ হয়ে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়, পরে এক মতবিনিময় সভারও আয়োজন করা হয়। এ সময় স্থানীয় দোকানপাট ও রেস্তোরায় ময়লা ফেলার ঝুড়িও বিতরণ করা হয়।
প্রাধিকারের সভাপতি মঞ্জুর কাদের চৌধুরী জানান, টিলাগড় ইকোপার্ক হচ্ছে সিলেটের অন্যতম একটি ভ্রমণ আকর্ষণ, এছাড়াও এখানে রয়েছে অনেক প্রজাতির বন্যপ্রাণি এবং পাখি। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করতে হয়, মানুষ প্রতিদিন এখানে ঘুরতে এসে খাবারের প্যাকেটসহ নানা বর্জ্য পদার্থ যত্রতত্রভাবে রাস্তার পাশে ফেলছেন যা ইকোপার্কের পরিবেশকে যেমন নোংরা করছে, তেমনি তা এ পার্কের পরিবেশ ও জীববৈচিত্রের জন্য হুমকি হয়ে দাড়িয়েছে।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, কেবলমাত্র ইকোপার্কের রাস্তার পার্শ্ববর্তী এলাকা থেকেই ৬ বস্তা অপচনশীল ও ক্ষতিকারক বর্জ্য পরিষ্কার করা এটাই প্রমাণ করে যে এই ইকোপার্ক শুধুমাত্র ময়লা আবর্জনার জন্য কী পরিমাণ হুমকির সম্মুখীন হচ্ছে। এ সময় সবাই এ কর্মসূচি এগিয়ে নেয়ার শপথ করেন।
ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়কারী আশরাফুল কবির প্রাধিকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, এরকম একটি উদ্যোগের জন্য তারা সবসময় সাথে থাকবেন।
অভিযান শেষে সবাইকে ধন্যবাদ জানান প্রাধিকারের সভাপতি মনজুর কাদের চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদ উজ্জ্বল।
প্রাধিকারের এ অভিযানের জন্য ধন্যবাদ জানিয়ে বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম বলেন, “স্বেচ্ছাসেবী হিসাবে এমন প্রশংসনীয় কাজে সরাসরি অংশ নিতে পারলে ভালো লাগতো। বন বিভাগের ব্যাবস্থাপনায় থাকা ‘টিলাগড় ইকো পার্ক’ আবর্জনাপূর্ণ হওয়ায় দায়িত্বশীলদের প্রতিক্রিয়া নেই। পার্ক পরিদর্শনকারী পর্যটকদের সচেতনতাবোধের অভাবে এই পার্ক ক্রমান্বয়ে একটি ডাস্টবিনে পরিনত হচ্ছিল। এই কর্মসুচি পালনের মাধ্যমে সকলের শুভবোধ যদি জাগ্রত করা যায় তবেই এই কষ্ট সার্থক হবে”।