Sylhet Today 24 PRINT

চোখে জল, হাতে দানবাক্স : সিলেটের রাস্তায় নেপালী শিক্ষার্থীরা

মারূফ অমিত |  ২৭ এপ্রিল, ২০১৫

তাদের সবার চোখেই জল। কথা বলতে পারছেন না কেউ। কান্নায় জড়িয়ে যাচ্ছে কথা। তাদের ছোট্ট সুন্দর দেশ আজ দূর্যোগকবলিত। ভয়বাহ ভূমিকম্পে তাদের কেউ স্বজন হারিয়েছেন, কেউ কেউ আবার এখনও জানেনই না তাদের স্বজনেরা বেঁচে আছেন কী না!

সংখ্যায় তারা ৩৫ জন। সবাই নেপালি। পড়ছেন সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজে। দেশের এই দুর্দিনে নিজেদের স্বজন হারানোর কান্না চেপে তারা দেশের অশ্রু মুছে দিতে নেমে এসেছেন রাস্তায়।

সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে সিলেট নগরীর বিভিন্ন বিপনী বিতান ও সড়ক ঘুরে ঘুরে নেপালের ভূমিকম্পকবলিত মানুষের জন্য সহায়তা সংগ্রহ করতে নেমেছেন তারা। তাদের হাতের দানবাক্সে বাংলায় লেখা- 'নেপালের অশ্রু মুছে দিতে হাত বাড়াও, সহস্রাধিক ঝরে পড়া প্রাণের জন্য প্রার্থনা করো!'

সিলেটের ব্যবসায়ী-ক্রেতা-যাত্রী পথচারীরাও স্বতস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন প্রতিবেশী দেশটির অশ্রু মুছিয়ে দিতে। সাধ্যমত সয়াহতা করছেন দেশের জন্য সাহায্যের আবেদন নিয়ে আসা এই শিক্ষার্থীদের। অনেকেই আবার সহায়তা সংগ্রহে তাদের সঙ্গীও হয়েছেন। পরিচিত ব্যবসায়ীদের কাছে নিয়ে যাচ্ছেন। মানুষের দুর্দিনে এভাবেই তো মানুষকে তো এগিয়ে আসতে হয়!

সাহায্য সংগ্রহে নামা শিক্ষার্থীরা সিলেটটুডে২৪ডটকমকে জানান, তারা দুটি দলে ভাগ হয়ে নগরীর দুই প্রান্তে সাহায্য সংগ্রহে নেমেছেন। কেবল আজকেই সাহায্য সংগ্রহ করবেন তারা। মঙ্গলবার তা পাঠিয়ে দেবেন নেপালে। যেখানে দুর্যোগ মোকাবেলায় লড়াই করছে স্বদেশী স্বজনরা।

ত্রাণ সহায়তা সংগ্রহকারী দলের সদস্য অর্জুন কেছী বলেন- নেপাল আজ ধ্বংসের মুখে, ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। এই দুঃসময়ে সবার ক্ষুদ্র সাহায্যই অনেক বড় কিছু। আমরা সবার কাছে সাহায্যের আবেদন নিয়ে হাজির হয়েছি। যে যা দিচ্ছেন সেটুকুই আমাদের কাছে বিশাল কিছু।

তিনি আরো বলেন- আজ সারাদিন ত্রাণ সংগ্রহ করবেন। দু'গ্রুপে ভাগ হয়ে তারা এ কাজ করছেন ।

এই দলের আরেক সমস্য রমেছ থাপা বলেন- আমাদের অনেক আত্মীয় স্বজনই আজ আমাদের মাঝে নেই। হঠ্যাৎ দূর্যোগ কেড়ে নিয়েছে তাদের। যারা চলে গেছেন তাদের তো আর পাওয়া যাবে না। কিন্তু যারা বেঁচে আছেন, যারা আহত অবস্থায় আছেন তাদের জন্য আমাদের কিছু করা প্রয়োজন। এদের সাহায্যার্থেই আজ আমরা রাস্তায় নেমেছি।

তিনি বলেন, এই দুর্দিনে বাংলাদেশী মানুষদের আমরা পাশে চাই। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সাহায্য করা হয়েছে। আমরা এবার সাধারণ মানুষের দ্বরস্থ হয়েছি।

উল্লেখ্য, গত শনিবার নেপালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৯। নেপালে ৮০ বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প এটি। এতে দেশটি লন্ডভন্ড হয়ে গেছে। নিহত হয়েছেন সাড়ে তিন হাজারের বেশি লোক, আহত হয়েছেন কয়েক হাজার মানুষ।


 সংযুক্তি : শিক্ষার্থীরা জানিয়েছেন, কেউ সহযােগীতা করতে চাইলে  ০১৭৫৬৯১৬৬৩৮ (সুশীল বে কেছী) নাম্বারে যোগাযোগ করতে পারেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.