Sylhet Today 24 PRINT

হুইপ শাহাব উদ্দিন নিয়ে আসছেন সুরঞ্জিতের মরদেহ

নিজস্ব প্রতিবেদক |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৭

প্রবীণ রাজনীতিবিদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ সোমবার সকালে সিলেট নিয়ে আসছেন হুইপ শাহাব উদ্দিন এমপি।

জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপির কার্যালয়ের এক সফরসূচি অনুযায়ি হুইপ সোমবার সকাল সোয়া আটটায় তেজগাঁও পুরাতন বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা দেবেন। দেখান থেকে ৯ টায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা দেবেন।

সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্যে রাখা হবে বর্ষীয়ান এ রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধাকে।

বেলা ১২টায় মরদেহ নিয়ে সুনামগঞ্জের উদ্দেশে রওয়ানা করবেন হুইপ।

সুনামগঞ্জের দিরাই-শাল্লা থেকে নির্বাচিত এ সাংসদ রোববার ভোরে পরলোকগমন করেন।

সুরঞ্জিত সেনগুপ্ত স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছেন ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এরপর আইন বিষয়ে পড়াশোনা করেন সেন্ট্রাল ল কলেজ থেকে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদবিষয়ক উপদেষ্টা ছিলেন তিনি। পরে ২০১১ সালে রেলমন্ত্রীর দায়িত্ব পান।

বর্ষীয়ান এই রাজনীতিবিদের মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদের স্পিকার। রোববার বিকেলে সংসদ প্রাঙ্গনে তার মরদেহে শ্রদ্ধা জানান বিভিন্ন দলের রাজনীতিবিদেরা। সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএনপি, জাতীয় পার্টি-সহ বৃহৎ সকল রাজনৈতিক দলের নেতারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.