নিজস্ব প্রতিবেদক | ০৬ ফেব্রুয়ারী, ২০১৭
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র (সাময়িক বহিস্কৃত) আরিফুল হক চৌধুরী। আরিফ দিরাইয়ে গ্রেনেড হামলা চালিয়ে সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামী। এই মামলায় তিনি জামিনে আছেন।
সোমবার সকালে সদ্য প্রয়াত রাজনীতিবিদ সুরঞ্জিত সেনের মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। সকাল ১১ টার দিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহানগর বিএনপির সাবেক সভাপতি আরিফ।
এ ব্যাপারে আরিফুল হক সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'সুরঞ্জিত সেন অনেক উঁচু মাপের মানুষ ছিলেন। তাঁর মতো মানুষ হয় না। আমাদের শ্রদ্ধা তাঁর প্রাপ্য।'
সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলার আসামী থাকা সম্পর্কে আরিফ বলেন, ''তিনি (সুরঞ্জিত) বেঁচে থাকতে অনেকবার বলেছেন, 'মামলায় আরিফের নাম কেনো ঢুকানো হলো আমি জানি না।' আমাকে আসামী করা তাঁর পছন্দ হয়নি।''
বিচারাধীন বিষয় নিয়ে কথা বলা ঠিক নয় মন্তব্য করে আরিফ বলেন, মামলার সাথে শ্রদ্ধা জানানোর কোনো সম্পর্ক নেই।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ জুন দিরাই বাজারে একটি রাজনৈতিক সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটে। সমাবেশে তখন প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। ওই বোমা হামলায় এক যুবলীগকর্মী নিহত ও ২৯ জন আহত হন। ওই ঘটনায় এসআই হেলাল উদ্দিন বাদী হয়ে দিরাই থানায় একটি মামলা দায়ের করেন। মামলার চার্জশীটে আরিফকে অভিযুক্ত করা হয়।
রোববার (৫ ফেব্রুয়ারি) ভোর রাত ৪টা ১০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুরঞ্জিত সেনগুপ্ত।