Sylhet Today 24 PRINT

নিজ জেলা সুনামগঞ্জে পৌঁছেছে সুরঞ্জিতের মরদেহ, শ্রদ্ধা নিবেদন শুরু

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৭

নিজ জেলা সুনামগঞ্জে পৌঁছেছে বর্ষীয়ান রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ। সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টা ২০ মিনিটে মরদেহ সুনামগঞ্জে পৌঁছায়। দুপুর দেড়টায় শুরু হয়েছে তাঁর প্রতি মানুষের শেষ শ্রদ্ধা নিবেদন। 

সুনামগঞ্জের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ স্মৃতি স্তম্ভে স্থাপিত মঞ্চ। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে যোগ দিতে সুনামগঞ্জ জেলাসহ বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের জনতা সকাল থেকেই সেখানে জড়ো হতে শুরু করেন প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য।

সুনামগঞ্জ শহরে শ্রদ্ধা নিবেদন শেষে সুরঞ্জিতের মরদেহ নিয়ে যাওয়া হবে তাঁর নির্বাচনী এলাকা শাল্লা উপজেলায়। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে তাঁর নিজ বাড়ি দিরাই উপজেলার আনোয়রপুরে। সেখানেই বিকাল ৩টার দিকে সুরঞ্জিত সেনগুপ্তের শেষকৃত্য সম্পন্ন হবে।

এর আগে সোমবার বেলা ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টার যোগে সুরঞ্জিতের মরদেহ নিয়ে আসা হয় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে। সেখানে বেলা ১২টা পর্যন্ত তাঁকে শেষ শ্রদ্ধা জানান সিলেটের সর্বস্তরের জনতা। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় সুনামগঞ্জে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.