শ্রীমঙ্গল প্রতিনিধি | ০৬ ফেব্রুয়ারী, ২০১৭
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে সিরাজগঞ্জের শাহাজাদপুরে সমকাল প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে শহরে মৌন মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে শ্রীমঙ্গল প্রেসক্লাব।
সোমবার (৬ ফেব্রুয়ারি) চৌমুহনায় শ্রীমঙ্গলে কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি শ্রী গোপাল দেব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, প্রেস ক্লাবের সহ-সভাপতি ইছমাইল মাহমুদ, সাংবাদিক সাইফুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মিছিল ও মানববন্ধন কর্মসূচিতে শ্রীমঙ্গলে কর্মরত সকল মিডিয়া ও অনলাইন সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।