বানিয়াচং প্রতিনিধি | ০৭ ফেব্রুয়ারী, ২০১৭
বানিয়াচং সদরের ৩নং ইউনিয়নের অন্তর্গত চৌধুরী পাড়ার অঞ্জন চক্রবর্তীর (সুধীর চক্রবর্তীর) বাড়ির শিব মন্দির থেকে কষ্টি পাথরের একটি মূর্তি চুরি হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে চোরেরা মন্দিরের ঘরের তালা ভেঙ্গে মন্দিরে ঢুকে সেখানে রক্ষিত দুইটি কষ্টি পাথরের শিব মূর্তির মধ্যে একটি শিব মূর্তি চুরি করে নিয়ে যায়। যার ওজন ১৫ কেজি। আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।
অভিযোগের পরিপ্রেক্ষিতে জানা যায়, প্রতিদিনের ন্যায় সনাতনের ধর্মের লোকেরা মন্দিরে উপাসনা শেষ করে শুয়ে পড়েন। পরের দিন সকালে উপাসনার লক্ষ্যে মন্দিরে গেলে দেখতে পান ঘরের তালা ভাঙ্গা ও দরজা খোলা। কে বা কারা মন্দিরে রক্ষিত দুইটি মূর্তির মধ্যে একটি মূর্তি চুরি করে নিয়ে গেছে।
চুরির ঘটনায় চৌধুরী পাড়ার মৃত অনুকুল চক্রবর্তীর ছেলে হরিদাশ চক্রবর্তী শনিবার বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে বানিয়াচং থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের সত্যতা স্বীকার করে ওসি অমূল্য কুমার চৌধুরী জানান, বিষয়টি খতিয়ে দেখার জন্য এসআই মোস্তাককে দায়িত্ব দেয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমূল্য কুমার চৌধুরী, ৩নং ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান।