ওসমানীনগর প্রতিনিধি | ০৭ ফেব্রুয়ারী, ২০১৭
ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ভাইস চেয়ারম্যান পদে সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলুকে মনোনয়ন প্রদান করা হলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জগলু চৌধুরী তার প্রার্থিতা ঘোষণা করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নিশ্চিত করেছেন।
তিনি আরো বলেন, দলের তৃণমূল নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে নাগরিক কমিটির ব্যানারে তিনি নির্বাচন করবেন।
এর আগে মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় জগলু চৌধুরীকে ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেয়া হয় বলে নিশ্চিত করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
নির্বাচনে চেয়ারম্যান পদে ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান ও ভাইস চেয়ারম্যান (নারী) পদে মুক্তা পারভীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বলেও জানান তিনি।