Sylhet Today 24 PRINT

সিলেটে সাত দিনব্যাপী বইমেলার উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৭

বইমেলা উদ্বোধনের পরপরই কয়েক শ পাঠক-দর্শনার্থীদের ভিড় নামে। এটি নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার বেলা পৌণে চারটার দৃশ্য। এর আগে ফিতা কেটে প্রথম আলো বন্ধুসভা সিলেট জেলা শাখার উদ্যোগে সাত দিনব্যাপী ‘অমর একুশে বইমেলা’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মেলা আয়োজনে সহযোগিতা করছে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। মেলা প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।

    যৌথভাবে মেলার উদ্বোধন করেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য আতফুল হাই শিবলী ও সিটি করপোরেশনের প্রধান কর্মকর্তা এনামুল হাবীব। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের কোষাধ্যক্ষ এ এফ মুজতাহিদ, কবি তুষার কর, উদীচী সিলেটের সভাপতি এ কে শেরাম, সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ কবি মোস্তাক আহমাদ দীন, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ, সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব বক্তব্য দেন।

    প্রথম আলোর সিলেট প্রতিনিধি সুমনকুমার দাশের সঞ্চালনে উদ্বোধনী অনুষ্ঠানে চৈতন্য প্রকাশনের সত্বাধিকারী রাজীব চৌধুরী ও বন্ধুসভা সিলেটের সভাপতি মিজানুর রহমান বক্তব্য দেন। বক্তৃতায় আয়োজকেরা জানান, মেলায় ঢাকা ও সিলেটের ১২টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। সাত দিনব্যাপী মেলায় সিলেটের অর্ধ শতাধিক সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন গান-নৃত্য-আবৃত্তি-লেখা পাঠে অংশ নেবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে নৃত্যশিল্পী বিপুল শর্মার পরিচালনায় ছন্দ নৃত্যালয়ের শিল্পীরা নৃত্য পরিবেশন করেছে। মেলায় ২৫ শতাংশ ছাড়ে বই বিক্রি হচ্ছে। সিলেটের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের মানুষদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভিড় ছিল লক্ষ্যণীয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.