Sylhet Today 24 PRINT

ওসমানী বিমানবন্দরের উন্নয়নে ৪৫২ কোটি টাকা অনুমোদন

নিজস্ব প্রতিবেদক |  ০৮ ফেব্রুয়ারী, ২০১৭

সরকার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়নে ৪৫২ কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) বৈঠকে মঙ্গলবার শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কেন্দ্রে এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নির্বাহী কমিটির সভায় ২ হাজার ৭১ কোটি ৮০ লাখ টাকার প্রাক্কলিত ব্যয় সংবলিত ৮টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভার বিস্তারিত সাংবাদিকদের এ তথ্য জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বিদ্যমান রানওয়ে ও টেক্সিওয়ে শক্তিশালী করণের মাধ্যমে ওয়াইড বডি বোয়িং ৭৭৭ মডেলের বিমানসহ অন্যান্য ফ্লাইট পরিচালনার জন্য ৪৫২ কোটি টাকার প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরটিকে আধুনিকায়নের মাধ্যমে আঞ্চলিক বিমানবন্দর হিসেবে প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানান পরিকল্পনামন্ত্রী।

সভায় একনেক সদস্যরা, মন্ত্রীপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রী, সচিব ও সিনিয়র সচিবরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.