Sylhet Today 24 PRINT

আসামি ও সাক্ষী না আসায় পেছালো কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

নিজস্ব প্রতিবেদক |  ০৮ ফেব্রুয়ারী, ২০১৭

আসামি ও সাক্ষী উপস্থিত না হওয়ায় পেছালো কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ। ১৫ ফেব্রুয়ারি পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার (৮ ফেব্রুয়ারি) মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য ছিল। তবে এদিন সাক্ষী ও আসামি কেউই হাজির হননি। মামলার পরবর্তী তারিখ ১৫ ফেব্রুয়ারি (বুধবার) নির্ধারণ করা হয়েছে।

আলোচিত এ মামলায় এখন পর্যন্ত ১৭১ সাক্ষীর মধ্যে ৪৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।।

প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সংসদ সদস্য আব্দুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা দায়ের করেন।

২০১৪ সালের ২১ ডিসেম্বর ২৫ জনের নাম উল্লেখ করে আদালতে এ মামলার সম্পূরক চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা সিআইডি সিলেট জোনের এএসপি মেহেরুন নেছা পারুল। উভয় মামলায় একাধিকবার তদন্ত হয়। সর্বশেষ তদন্তে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপি চেয়ারপার্সনের সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সিলেটের সাময়িক বহিস্কৃত মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের মেয়র জি কে গউছসহ ৩২ জনকে আসামিভুক্ত করা হয়। এর মাঝে সিলেটের সাময়িক বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের মেয়র জি কে গউছসহ ১০ জন উচ্চ আদালত থেকে জামিনে, ৮ জন পলাতক ও ১৪ জন কারাগারে আটক আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.