Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া

বিয়ানীবাজার প্রতিনিধি |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৭

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিয়ানীবাজার সরকারি কলেজের ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানান বিয়ানীবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাসক জহির উদ্দিন।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, কলেজ ছাত্রলীগের পল্লব ও স্বাধীন গ্রুপের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রের মহড়া দিয়েছে তবে এ ঘটনায় কেউ আহত হতে দেখা যায়নি। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ কলেজে অবস্থান নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জানা যায়, উপজেলা ছাত্রলীগের পল্লব গ্রুপের নেতা জাফর আহমদ বোনকে কলেজে ভর্তি করতে আসলেও স্বাধীন গ্রুপের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। এ সময় পল্লব গ্রুপের কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী জাফরকে হামলার হাত থেকে রক্ষা করেন। এ বিষয়টি মহূর্তে ছড়িয়ে পড়লে পল্লব গ্রুপের সশস্ত্র নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে কলেজের প্রধান ফটকে অবস্থান নেয়। এতে কলেজ রোড এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পল্লব গ্রুপের নেতাকর্মীরা কলেজ সম্মুখের কয়েকটি মার্কেটে স্বাধীন গ্রুপের অস্ত্রধারী নেতাকর্মীদের খোঁজতে থাকে। এক পর্যায়ে তারা সংঘটিতভাবে কলেজ রোড ত্যাগ করে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, বর্তমানে কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।তবে এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে দায়িদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.