Sylhet Today 24 PRINT

জেলা প্রশাসনের কর্মচারিদের হামলায় দুদকের ২ কর্মকর্তাসহ আহত ৪

নিজস্ব প্রতিবেদক |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৭

দুর্নীতি দমন কমিশন সিলেট এর ২ কর্মকর্তাসহ ৪জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সিলেট জেলা প্রশাসন কার্যালয়ের কর্মচারিদের হাতে তারা আহত হন।

আহতরা হলেন দুদক সিলেট অঞ্চলের উপ-সহকারি পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ, রনজিত কুমার কর্মকার, কনস্টেবল মেছবাহ উদ্দিন চৌধুরী ও গাড়িচালক বিপ্লব।

দুদকের এক অভিযানে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আসলে কার্যালয়ের কর্মচারিরা তাদেরকে মারধর করেন বলে জানান ওয়াহিদ মঞ্জুর সোহাগ।

বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে অভিযান শুরু করে দুদক। এ সময় কার্যালয় থেকে এক কর্মচারিকে আটক করার সময় দুর্নীতি দমন কমিশনের সাথে কার্যালয়ের অন্যান্য কর্মচারিদের বাকবিতণ্ডা ও হট্টগোলের সৃষ্টি হয়।

সাড়ে ৪টার সময় জেলা প্রশাসক কার্যালয় থেকে অফিস সহকারি আজিজুর রহমানকে গ্রেপ্তার করে দুদক তবে বাইরে নিয়ে আসার সময় অন্যান্য কর্মচারিদের সাথে দুদকের বাকবিতণ্ডা শুরু হলে এক পর্যায়ে আজিজুর রহমানকে ছিনিয়ে নেন কর্মচারিরা।

এ সময় তারা জেলা প্রশাসকের অনুমতিসাপেক্ষে গ্রেপ্তারের দাবি জানান। তার বিরুদ্ধে অভিযোগ কী তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এই মুহূর্তে জেলা প্রশাসক কার্যালয়ে দুদক কর্তৃপক্ষের সাথে জেলা প্রশাসনের ও কর্মচারিদের রুদ্ধদ্বার বৈঠক চলছে বলে জানা গেছে।

এ বৈঠক চলাকালীন সময়ে কার্যালয়ের বাইরে দুদকের অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন কর্মচারিরা।

সন্ধ্যার দিকে ওই দুদকের কর্মকর্তা ও কর্মচারিদের উপর দলবদ্ধভাবে হামলা চালান জেলা প্রশাসনের কর্মচারিরা। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.