জগন্নাথপুর প্রতিনিধি | ০৯ ফেব্রুয়ারী, ২০১৭
দিনভর উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিন, ভাইস চেয়ারম্যান পদে ছয় এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন করে সর্বমোট ১২ প্রার্থী তাঁদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাছুম বিল্লাহর কাছে তাঁরা এ মনোনয়ন পত্র দাখিল করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দলীয় প্রতীকে প্রথমবারের মতো এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে । নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তিন জন । তাঁরা হলেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আ’লীগ মনোনীত প্রার্থী আকমল হোসেন, আ’লীগ বিদ্রোহী বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা ও সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি মনোনীত প্রার্থী আতাউর রহমান।
ভাইস চেয়ারম্যান পদে মোট ৬ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরা হলেন উপজেলা যুবলীগের সভাপতি ও আ’লীগ বিদ্রোহী প্রার্থী কামাল উদ্দিন, আ’লীগ মনোনীত প্রার্থী বিজন কুমার দেব, বিএনপি মনোনীত প্রার্থী হাজী সুহেল খাঁন টুনু, বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী সৈয়দ জয়নুল ইসলাম, জমিয়ত উলামায়ে ইসলামের মনোনীত প্রার্থী সৈয়দ ছলিম আহমদ এবং স্বতন্ত্র প্রার্থী ফয়জুল হক। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ’লীগের মনোনীত প্রার্থী বর্তমান পরিষদেরও মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, বিএনপি মনোনীত প্রার্থী সাবেক পৌর কাউন্সিলর ফারজানা আক্তার ও স্বতন্ত্র প্রার্থী সুফিয়া খানম সাথী।
আ’লীগের মনোনীত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের সাথে মনোনয়ন পত্র দাখিলের সময় জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুসহ সংগঠনটির বিভিন্ন সাংগঠনিক শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্য রাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, বিএনপি মনোনীত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর সাথে বিবদমান দুই বলয়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । তাদের মধ্যে বিএনপির সাবেক আহ্বায়ক লে. কর্নেল আলী আহমদ (অব:), উপজেলা বিএনপির সভাপতি শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাষ্টার, সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আক্তারুজ্জামান আক্তার, সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক কবির আহমদ, বিএনপি নেতা এম,এ মুকিত, মির্জা আবুল কাসেম স্বপন, রফিকুল ইসলাম কসরু, এম.এ মতিন, হারুন মিয়া, সৈয়দ মোসাব্বির আহমদ, এম. সামছুল ইসলাম, এ্যাডভোকেট আজমল হোসেন, আখলুল করিম, সাহেদ আহমদ, যুবদল নেতা আব্দুল হাসিম ডালিম ও ছাত্রদল নেতা জাহেদ আহমদসহ সংগঠনটির দায়িত্বশীল নেতৃবৃন্দ।
অপরদিকে-আ’লীগের বিদ্রোহী প্রার্থী মুক্তাদির আহমদ মুক্তার সাথে মনোনয়ন পত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি হামিদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমদ তালুকদার, এমদাদ আহমদ, জেলা ছাত্রলীগের উপ বন ও পরিবেশ সম্পাদক সিতু মিয়া, জেলা ছাত্রলীগের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সহ-সভাপতি সৈয়দ তানিন আহমদ, যুগ্ম-সম্পাদক তানভীর আলম পিয়াস, পাইলগাঁও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সাইফুর রহমান সোহাগ, ছাত্রলীগ নেতা রনি রাজ, সুজেল, রিপনসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জমিয়ত উলামায়ে ইসলামের মনোনীত প্রার্থী সৈয়দ ছলিম আহমদের সাথে মনোনয়ন পত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন সাবেক সাংসদ কেন্দ্রীয় জমিয়ত নেতা মাওলানা শাহীনুর পাশা চৌধুরীসহ জমিয়ত নেতারা উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী ও সহকারী রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান, তিন পদে ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন । শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়ন বাচাই হবে এবং ১৭ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ভোট গ্রহণ হবে ৬ মার্চ।