Sylhet Today 24 PRINT

মা-মনি হাসপাতালে আবারো ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  |  ১১ ফেব্রুয়ারী, ২০১৭

সিলেট নগরীর বেসরকারি মা-মনি হাসপাতালে ভুল চিকিৎসায় আবারো এক শিশু মৃত্যুর অভিযোগ ওঠেছে। শুক্রবার হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় আমিনুল ইসলাম (৬) নামের এক শিশু মারা যায়।

আমিনুলের স্বজনদের দাবি ভুল চিকিৎসার কারণে রোগীর মৃত্যু হয়েছে। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে গত নভেম্বরে নগরীর কুমারপাড়ার ওই হাসপাতালটির বিরুদ্ধে একই অভিযোগ ওঠে। ওই দিন ইরফান আহমদ (১) নামে এক শিশু মৃত্যুর পর চিকিৎসা অবেহলার অভিযোগ ওঠে।

এরআগে গত অক্টোবরে আফনান নামের এক শিশুর মৃত্যুর পর চিকিৎসা অবহেলার অভিযোগে মা মনি হাসপাতালের বিরুদ্ধে ১শ’ ২৫ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা দায়ের করেছেন হালিমা বেগম নামে এক নারী।

শুক্রবারের (১০ ফেব্রুয়ারি) ঘটনা সম্পর্কে জানা যায়, ওইদিন বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আমিনুল। এসময় তার আত্বীয়রা ভুল চিকিৎসার অভিযোগ তুলেন।

শিশুটির চাচার অভিযোগ,  বিকেল তিনটার দিকে আমিনুলকে হাসপাতালে ভর্তি করা হয়। বিশ মিনিটর পর কর্তৃব্যরত চিকিৎসক ডা. দানেশ ও ডা. তাসলিমা তাকে চেকআপের পর একটি ইঞ্জেকশন পুশ করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই খিচুনি ওঠে তার মৃত্যু হয়। এসময় তারা ডাক্তারদের ডাকলেও কোন সাড়া পাননি।

ভুল ইঞ্জেকশন পুশ করার কারনেই তার ভাতিজার মৃত্যু হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আমিনুল জৈন্তাপুর উপজেলার দহালখলা গ্রামের বিলাল আহমদের ছেলে।

শিশুটির মৃত্যুর পর স্বজনরা বিক্ষোভ করলে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে।

তবে হাসপাতালের পরিচালক ডা. মুদাব্বির জানান, শিশুটির অবস্থা গুরুতর ছিল। তাকে ডাক্তারের চিকিৎসাপত্র অনুযায়ী ‘লাইফ সেইভ ড্রাগ’ হিসেবে ইঞ্জেকশনটি দেয়া হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রাতে জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিনের মধ্যস্থতায় সৃষ্ট সমস্যার সমাধান হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.