হবিগঞ্জ প্রতিনিধি | ১১ ফেব্রুয়ারী, ২০১৭
হবিগঞ্জের নাট্য সংগঠন ‘জীবন সংকেত’ এর ত্রিশ বছর পূর্তি উপলক্ষে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে বছরব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন হয়েছে।
১০ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেল ৪টায় সাইফুর রহমান টাউন হলের সামনে থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার বের করা হয়। ঢোল, খোল, বাশির তালে নাচ, গান এর মাধ্যমে সারা শহর প্রদক্ষিণ করে সংগঠনের সদস্যরা।
আজ শনিবার ১১ ফেব্রুয়ারি আয়োজন করা হয়েছে সতীর্থ পুনর্মিলনীর । দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে চুনারুঘাটের চন্ডিছড়া চা বাগানে উদযাপন করা হবে সতীর্থ পুনর্মিলনী। এ মিলনমেলায় জীবন সংকেতের দেশ ও বিদেশে অবস্থানরত সকল সদস্য ও বর্তমান সময়ের নাট্যকর্মী সহ দেশের বিভিন্ন নাট্য ব্যাক্তি বর্গ উপস্থিত থাকবেন।
গত বছরের ১৬ ডিসেম্বর জীবন সংকেত অতিক্রম করে তাদের ৩০ বছর।
‘তিরিশে, মঞ্চে আছি মঞ্চেই থাকবো উল্লাসে’ শ্লোগানকে ধারণ করে জীবন সংকেত তাদের ৩০ বছর পূর্তিতে আয়োজন করেছে বছরব্যাপী নানা অনুষ্ঠানের। এগুলো হল আনন্দ শোভাযাত্রা, সতীর্থ পুনর্মিলনী, নাট্যজন সম্মাননা, পথ নাট্যোৎসব, মঞ্চ নাট্যোৎসব, একাধিক নতুন নাট্য প্রযোজনা ও দেশ-বিদেশে নাট্য পরিভ্রমণ।
স্বনামধন্য এ নাট্যদলটি ইতিমধ্যেই তাদের নন্দিত নাট্য প্রযোজনায় নিজেদের নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। দেশের গন্ডি পেরিয়ে এখন বিদেশের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে জীবন সংকেত।
ছোট্ট মফস্বল শহরের এ নাটকের দলটি তাদের অক্লান্ত পথচলায় আজ স্বনামেই উদ্ভাসিত। নাটক নিয়ে দেশ থেকে দেশান্তরে ঘুরে শুধুমাত্র হবিগঞ্জ বা সিলেট নয় সারা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে সংগঠনটি।
জীবন সংকেত এর গৌরবময় ৩০ বছর এর নান্দনিক পথচলা উপলক্ষে কথা হয় সংগঠনটির সভাপতি অনিরুদ্ধ কুমার ধর শান্তনুর সাথে। তিনি জানান, ‘১৯৮৬ সালের ১৬ ডিসেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্নিঝরা মুহূর্তে একদল তরুণের অদম্যতায় জন্ম হয় জীবন সংকেতের। তারপর হবিগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশের মাটিতে মঞ্চস্থ করে ৩৬টি নাটকের প্রায় ৭ শতাধিক মঞ্চায়ন। এ নাট্যযাত্রা অব্যাহত থাকবে বলেও জানান অনিরুদ্ধ শান্তনু।