Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে আবারও টিলা ধ্বসে শ্রমিকের মৃত্যু, ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক |  ১১ ফেব্রুয়ারী, ২০১৭

সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরপিন টিলা ধ্বসে আবারও পাথর শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার সকালে টিলা কেটে পাথর উত্তোলনকালে মাটি চাপা পড়ে আনিছ (৩৬) নামে এক শ্রমিক মারা যান। এতে আহত হন আরো দুই শ্রমিক। বিকেলে এ ঘটনায় আব্দুল কাদের নামের এক পাথর ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

এদিকে, ২৩ জানুয়ারি এই টিলা ধ্বসে শ্রমিক নিহতের ঘটনায় ‘গাফিলতির’ দায়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েস আলমকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে যুক্ত করা হয় বলে জানান সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা।

গত ২৩ জানুয়ারি শাহ আরেফিন টিলা ধ্বসে পাঁচ শ্রমিক মারা যান বলে নিশ্চিত করে পুলিশ। যদিও স্থানীয়দের দাবি, সেদিন মারা যান ৮ জন।

২৩ জানুয়ারির ঘটনা তদন্তে সিলেটের অতিরিক্ত জেলা হাকিম (এডিএম) আবু সাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আবুল হাসনাতকে প্রধান করে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন দুটি তদন্ত কমিটি গঠন করে হয়।

দুটি কমিটিই তদন্তে শ্রমিক মৃত্যুর ঘটনায় প্রশাসন ও পুলিশের গাফিলতির প্রমাণ পায়। এডিএম ৩ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কাছে ও এএসপি ৮ ফেব্রুয়ারি পুলিশ সুপারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন।

জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনে শাহ আরেফিন টিলা ধ্বংসে ইজারাদারসহ ৪৭ ভূমিখেকোকে চিহ্নিত করা হয়। আর জেলা পুলিশের তদন্তে কোম্পানীগঞ্জের ওসিকে প্রত্যাহারের সুপারিশ করা হয়।

এই তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে শনিবার ওসি বায়েস আলমকে প্রত্যাহার করা হয় বলে জানান সুজ্ঞান চাকমা।

এদিকে, দফায় দফায় প্রাণহানি আর প্রশাসনের অভিযানের পর শাহ আরেফিন টিলা থেকে বন্ধ হচ্ছে না পাথর উত্তোলন। শনিবার লুকিয়ে পাথর উত্তোলনকালে টিলা ধ্বসে মারা যান আনিছ নামের এক শ্রমিক।

নিহত আনিছ সুনামগঞ্জ সদরের আহমদাবাদ গ্রামের কমর উদ্দিনের ছেলে। আহত দুজন হচ্ছেন- একই জেলার সদর উপজেলার ইচ্ছাছড়া গ্রামের ওয়ারিছ আলীর ছেলে গফুর (২৫) এবং তাহিরপুর উপজেলার আনোয়ারপুর গ্রামের সামছু মিয়ার ছেলে মিজানুর রহমান (২৮)।

মাটি চাপায় শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে বিকেলে কোম্পানীগঞ্জ থানার এসআই মোয়াজ্জেমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। তারা হতাহতের উদ্ধার করে পাথর ব্যবসায়ী আব্দুল কাদিরকে আটক করে।

আব্দুল কাদির নিষিধাজ্ঞা অমান্য করে টিলা কেটে পাথর উত্তোলন করাচ্ছিলেন বলে জানান কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রুহুল আমিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.