বড়লেখা প্রতিনিধি | ১১ ফেব্রুয়ারী, ২০১৭
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দুর্গম সীমান্ত এলাকা থেকে একটি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের পাথারিয়া পাহাড়ের মাধবছড়া বিটের মোকামহান্ডর সীমান্ত এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
সীমান্তের তারকাটার বেড়া থেকে বাংলাদেশের প্রায় ৩০০ ফুট অভ্যন্তরে পাওয়া অজ্ঞাতনামা লাশটি অনেক পুরোনো। লাশের শরীরের বেশিরভাগ মাংস ঝরে হাড়গোড় বেরিয়ে গেছে। পুলিশ অজ্ঞাতনামা লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে বড়লেখা উপজেলার পাথারিয়া পাহাড়ের সীমান্তের মোকামহান্ডর এলাকায় ঝাড়ু তৈরির জন্য রেমা কাটতে গিয়ে স্থানীয় এক যুবক লাশটি দেখতে পায়। সে লাশের খবরটি স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ইসলাম উদ্দিন ও বিজিবিকে জানায়। ওই ইউপি সদস্য শনিবার সকালে বড়লেখা থানা পুলিশকে বিষয়টি জানান।
খবর পেয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) দেবাশীষ সূত্রধর ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে বিকেল সাড়ে ৩টার দিকে লাশ থানায় নিয়ে আসে পুলিশ।
পাথারিয়া পাহাড়ের মোকামহান্ডর এলাকাটি অত্যন্ত দুর্গম। মাধবকুণ্ড জলপ্রপাত এলাকা থেকে ঘটনাস্থলে যেতে প্রায় দেড় থেকে দু’ঘণ্টা সময় লাগে। লাশটি বাংলাদেশ-ভারত সীমান্তের তারকাটা বেড়া থেকে বাংলাদেশের প্রায় ৩০০ ফুট অভ্যন্তরে পড়েছিল। লাশের পাশে একটি বাঁশ ও বেত পাওয়া গেছে। লাশের শরীর থেকে বেশিরভাগ মাংস ঝরে হাড়গোড় বেরিয়ে যাওয়ায় পুরুষ-নারী বা বয়স কিছুই সনাক্ত করা সম্ভব হয়নি। সীমান্তের তারকাটা বেড়ার ওপারে কাছেই ভারতীয় অংশে জনবসতি থাকলেও বাংলাদেশের দিকে কাছাকাছি কোনো জনবসতি নেই।
এ ব্যাপারে বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর অর্ধগলিত অজ্ঞাতনামা একটি লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশটি অন্তত মাস দেড়েক আগের হবে। লাশটি প্রায় কংকাল হয়ে গেছে। পুরুষ-নারী বা বয়স কিছুই সনাক্ত করা সম্ভব হয়নি। লাশের উদ্ধারস্থল মোকামহান্ডর এলাকাটি খুবই দুর্গম। এলাকাটিতে বন বিভাগের বাঁশ, বেত, মুর্তা ও রেমা আছে। শুক্রবার রেমা আনতে গিয়ে এক যুবক লাশটি দেখতে পায়। লাশের কাছে একটি বাঁশ ও কিছু বেত পাওয়ায় গেছে। ভারতীয় দিক থেকে ঘটনাস্থলে লোকজন আসার চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে লাশটি হয়তো ভারত থেকে এনে ফেলে যাওয়া হয়েছে।’