Sylhet Today 24 PRINT

দালালদের সাহায্যে ভারতের ভিসার আবেদন না করার আহ্বান সহকারী হাই কমিশনারের

সিলেট চেম্বারের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক |  ১১ ফেব্রুয়ারী, ২০১৭

ভারতের ভিসা প্রাপ্তির জন্যে দালাল বা অসাধু চক্রের মাধ্যমে ভিসা ফরম পূরণ ও জমাদানের চেয়ে নিজে কাজগুলো সম্পাদন করা উত্তম বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার।

তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক রয়েছে। এ সম্পর্কের উন্নয়নে আমাদের সকলকে একযোগে কাজ করে যেতে হবে।

শুধু সেভেন সিস্টারের সাথে ব্যবসা-বাণিজ্য সীমাবদ্ধ না রেখে সারা ভারতবর্ষের সাথে ব্যবসা-বাণিজ্যের প্রসারে এগিয়ে আসার আহবান জানান তিনি। এক্ষেত্রে তিনি যৌথ উদ্যোগে শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার ব্যাপারে গুরুত্বারোপ করেন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাথে মতবিনিময় করেন সোমনাথ হালদার। চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ।

সোমনাথ হালদার ভিসা আবেদনের সময় সঠিক তথ্য সরবরাহের অনুরোধ জানিয়ে বলেন, দালাল বা অসাধু চক্রের মাধ্যমে ভিসা ফরম পূরণ ও জমাদানের চেয়ে নিজে কাজগুলো সম্পাদন করা উত্তম। এছাড়াও তিনি ৬৫ বছরের অধিক বয়সী ভিসা আবেদনকারীদের সরাসরি যোগাযোগের অনুরোধ জানান।

সভাপতির বক্তব্যে সালাহ্ উদ্দিন আলী আহমদ বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের সাথে বাংলাদেশের অপার বাণিজ্য সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে উভয় দেশই লাভবান হবে। তিনি আমদানি-রপ্তানি বাণিজ্যকে বিস্তৃত করার লক্ষ্যে প্যারা ট্যারিফ, নন ট্যারিফ প্রতিবন্ধকতা সমূহ দূরীকরণের আহবান জানান। এছাড়াও তিনি ভারতীয় ভিসা প্রাপ্তি সহজীকরণে সহকারী হাই কমিশনারকে সহযোগিতার অনুরোধ জানান।

সভায় সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি ফালাহ্ উদ্দিন আলী আহমদ বলেন, ভারতীয় সীমান্ত চেক পোস্টগুলোতে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানিং মেশিন থাকলে ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয় না, এছাড়াও পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে গাড়ি চেকিংয়ের সময় বিএসএফ সদস্যরা খুবই অসৌজন্যমূলক ব্যবহার করে থাকেন। তিনি এসব সমস্যা নিরসনের অনুরোধ জানান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, প্রাক্তন সভাপতি এম এ ছালাম চৌধুরী, পরিচালক মো. হিজকিল গুলজার, মো. লায়েছ উদ্দিন, মো. এমদাদ হোসেন, মুকির হোসেন চৌধুরী ও সদস্য ফালাহ্ উদ্দিন আলী আহমদ।

ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রতিনিধিদলের সাথে মতবিনিময়
শনিবার সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স (বিবিসিসি) এর প্রতিনিধিদলের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট এনাম আলী এমবিই, এফআইএইচ বলেন, সিলেট চেম্বারের সাথে ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সম্পর্ক অত্যন্ত গভীর। সিলেট চেম্বার শুধু স্থানীয়ভাবেই নয় বরং জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে।

তিনি বলেন, সিলেটের আইটি ও পর্যটন খাতে বর্তমানে প্রবাসীরা বিনিয়োগ করছেন। সরকারের পক্ষ থেকে সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হলে এসব খাতে বিনিয়োগ আরো বড় আকারে হবে বলে তিনি জানান। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আরো আধুনিক করার আহবান জানান। এছাড়াও তিনি আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে সিলেটে একটি এনআরবি ফেস্টিভ্যাল আয়োজনের আগ্রহ প্রকাশ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.