Sylhet Today 24 PRINT

সমাজকল্যাণ মন্ত্রী, গান ও সুবিধাবঞ্চিত শিশুদের প্রত্যয়

নিজস্ব প্রতিবেদক |  ২৮ এপ্রিল, ২০১৫

সমাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসিন আলী মঞ্চে উঠলে বক্তৃতার চেয়ে গান শোনার আগ্রহই বেশী থাকে সমবেতদের। মন্ত্রীও নিরাশ করেন না। প্রায় প্রতি অনুষ্ঠানেই গান গেয়ে উঠেন এই মুক্তিযোদ্ধা রাজনীতিক। মঙ্গলবারও সিলেট নগরীতে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করতে গিয়ে গান ধরেন মন্ত্রী। এবার সুবিধা বঞ্চিত শিশুদের জন্য গান গাইলেন মহসিন আলী।

বক্তৃতার মাঝপথেই সমাজকল্যান মন্ত্রী তাঁর ভরাট কণ্ঠে গেয়ে উঠেন বিখ্যাত গান, 'আমরা করবো জয়'। মঙ্গলবার অনুষ্ঠানের বেশীরভাগ শ্রোতাই ছিলো সুবিধাবঞ্চিত শিশু। তারাও মন্ত্রী সাথে কণ্ঠ মিলিয়ে ঘোষণা করে জয় করার প্রত্যয়।

মঙ্গলবার দুপুরে বাগবাড়ীস্থ সমাজসেবা কমপ্লেক্স-এ সমাজসেবা অধিদফতরাধীন সিলেট বিভাগে বিভিন্ন প্রতিষ্ঠানের নিবাসীদের অংশগ্রহণে বিভাগীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-১৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে শিশুদের নিয়ে ‘আমরা করবো জয়’ গানটি পরিবেশন করেন।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাবেরা আক্তারের সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার নিবাস রঞ্জনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য ও সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, জেলা সমাজ সেবা কার্যালয়ের সাবেক উপ-পরিচালক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম।স্বাগত বক্তব্য রাখেন- জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ইব্রাহিম আল-মামুন মোল্লা।
 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.