Sylhet Today 24 PRINT

শাহ আরেফিন টিলায় শ্রমিক মৃত্যুতে থানায় মামলা, আটক ১

নিজস্ব প্রতিবেদক |  ১২ ফেব্রুয়ারী, ২০১৭

সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় সাম্প্রতিক সময়ে তৃতীয়বার ধ্বসে পাথর শ্রমিকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) কোম্পানীগঞ্জ থানার এএসআই আরিফ উল্লাহ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এবং ওই জায়গার মালিক মনোয়ারা বেগমকেও পুলিশ আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা।

সুজ্ঞান চাকমা জানান, শনিবারের দুর্ঘটনার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় ৪ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা ৫/৬জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার সকালে টিলা কেটে পাথর উত্তোলনকালে মাটি চাপা পড়ে আনিছ (৩৬) নামে এক শ্রমিক মারা যান। এতে আহত হন আরো দুই শ্রমিক। বিকেলে এ ঘটনায় আব্দুল কাদের নামের এক পাথর ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

নিহত আনিছ সুনামগঞ্জ সদরের আহমদাবাদ গ্রামের কমর উদ্দিনের ছেলে। আহত দুজন হচ্ছেন- একই জেলার সদর উপজেলার ইচ্ছাছড়া গ্রামের ওয়ারিছ আলীর ছেলে গফুর (২৫) এবং তাহিরপুর উপজেলার আনোয়ারপুর গ্রামের সামছু মিয়ার ছেলে মিজানুর রহমান (২৮)।

মাটি চাপায় শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে বিকেলে কোম্পানীগঞ্জ থানার এসআই মোয়াজ্জেমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। তারা হতাহতের উদ্ধার করে পাথর ব্যবসায়ী আব্দুল কাদিরকে আটক করে। আব্দুল কাদির নিষেধাজ্ঞা অমান্য করে টিলা কেটে পাথর উত্তোলন করাচ্ছিলেন বলে জানান কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রুহুল আমিন।

এদিকে, গত ২৩ জানুয়ারি শাহ আরেফিন টিলা ধ্বসে পাঁচ শ্রমিক মারা যান বলে নিশ্চিত করেছিল পুলিশ। যদিও স্থানীয়দের দাবি, সেদিন মারা যান ৮ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.