Sylhet Today 24 PRINT

মাধবপুরে অজ্ঞাত নারীর অর্ধ গলিত লাশ উদ্ধার

মাধবপুর প্রতিনিধি |  ১৩ ফেব্রুয়ারী, ২০১৭

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অজ্ঞাত (৩০) এক নারীর অর্ধ গলিত মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীরের নিকট একটি ঝুপড়ি থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

পুলিশের ধারনা ধর্ষণের পর তাকে হত্যা করে লাশ নির্জন স্থানে ফেলে রাখা হয়। কমপক্ষে ১০-১২ দিন ধরে মৃত দেহটি এখানে পড়ে রয়েছিল।

থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, সোমবার সকালে হাসপাতাল চত্বরে একটি সবজি খেতে খাল থেকে সেচ দিয়ে পানি দিতে গিয়ে লোকজন মৃত দেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী এসআই আশীষ কুমার মৈত্র জানান, ধারনা করা হচ্ছে ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মাধবপুর থানার ওসি মোকতাদির হোসেন পিপিএম জানান, ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে মাধবপুর থানায় মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.