Sylhet Today 24 PRINT

সাবেক ছাত্রলীগ নেতার উপর হামলা, দুই আসামীর আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক |  ১৩ ফেব্রুয়ারী, ২০১৭

নগরীর টিলাগড়ে সাবেক ছাত্রলীগ নেতা রাজন চৌধুরীর উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার দুই আসামী আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

সোমবার কামরান আহমদ সজল ও রুমান আহমদ সিলেট মেট্রোপলিটন ্ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে আত্মসমর্পণ করলে আদালতের বিচারক মামুনুর রহমান সিদ্দিকী তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।

এ সময় বাদী পক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট গোলাম ছোবহান চৌধুরী, মনির উদ্দিন, বোরহান আহমদ, প্রবাল চৌধুরী পুজন, হানিফ আহমদ প্রমূখ।

গত ৩০ জানুয়ারি রাতে টিলাগড় পয়েন্টে রাজন চৌধুরী, ছাত্রলীগ কর্মী মাবরুর ও তানিম এর উপর মুখোশ পরা ৩-৪ জন যুবক অতর্কিত আক্রমণ চালায়। তাদেরকে দা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা।

আহতদের মধ্যে রাজন চৌধুরীর অবস্থা আশংকাজনক ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

এ ব্যাপারে রাজনের ভাই গোলাম হাসান চৌধুরী রাজন বাদী হয়ে শাহপরান থানায় ১০ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ৫/৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছয়েফ খান (২৭), জুনেদ (২২), মঞ্জুর আহমদ (৩৩), হাসান (২০), কামরান আহমদ সজল (২২), উজ্জ্বল (৩০), সাগর (২০), রুমান আহমদ (২০), অসীম (২১) ও জামিল আহমদ (১১) এর নাম উল্লেখ করা হয়।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.