শাকিলা ববি, হবিগঞ্জ | ১৩ ফেব্রুয়ারী, ২০১৭
হাতে ফুল নিয়ে হলুদ টি-শার্ট পড়া একদল তরুণ-তরুণী ঢুকলেন হবিগঞ্জ সদর থানায়। কোন মামলা বা অভিযোগ নিয়ে নয়। ফাগুনের শুরুতে ঋতুরাজ বসন্তকে বরণ করলেন হবিগঞ্জ সদর থানার ডিউটিরত পুলিশ সদস্যদের সাথে।
মিনিট কয়েকের মধ্যে সদর থানায় ডিউটিরত সকল সদস্যদের হাতে ফুল পৌঁছে গেল। এক হাতে অস্ত্র আরেক হাতে ফুল। আকস্মিকভাবে ফুলের শুভেচ্ছা পেয়ে অনেক আনন্দ পেয়েছেন থানার ডিউটিরত সকল পুলিশ সদস্য।
“এসো মিলে প্রাণের উৎসবে” এই স্লোগানকে ধারণ করে আজ পহেলা ফাল্গুন ১৩ ফেব্রুয়ারি সদর থানা থেকে ‘ভলান্টিয়ার অ্যাকশন’ এর সদস্যরা বসন্তবরণের দিন শুরু করে।
হবিগঞ্জ সদর থানার ওসি তদন্ত মো. মানিকুল ইসলাম ও ওসি অপারেশন ডালিম আহমেদ বলেন, কর্মক্ষেত্রে এতোটাই ব্যস্ত থাকি আমরা বসন্তবরণ বা বিভিন্ন দিবসের কথা মনে রাখা বা পালনও করা হয় না। তাছাড়া আমাদের পেশাটাই এমন যে সব সময় চোর-ডাকাত ধরা, বিভিন্ন ধরনের দাঙ্গা-হামলা নিয়ন্ত্রণ নিয়ে থাকতে হয়। আমাদের সাথে নিয়ে বসন্তকে বরণ করার এই উদ্যোগে সত্যিই মনে অনেক প্রশান্তি পেয়েছি। ‘ভলান্টিয়ার অ্যাকশন’ এর এই উদ্যোগকে সকল পুলিশ সদস্যদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
তিন বছর যাবত হবিগঞ্জ সদর থানায় কর্মরত এসআই মিজানুর রহমান। আজ তাঁর শেষ দিন এই থানায়। তিনি বলেন, বিদায় বরাবরই কষ্টের হয় কিন্তু আজকের এই মূহুর্তটি খুব উপভোগ করেছি। খুব ভালো লাগছে বিদায় মূহুর্তে থানায় প্রবেশের পরই আপনারা বসন্তবরণের ফুলেল শুভেচ্ছা দিলেন। হবিগঞ্জে শেষবারের মত আপনাদের এই আয়োজনে থাকতে পেরে খুব ভালো লাগছে।
এস.আই (পুলিশ কন্ট্রোল রুম) সুরুজ আলী বলেন, থানার নিয়মিত চিত্র বদলে দিয়েছে এই তরুণরা। এই থানায় কত তরুণকে হাতকড়া পড়িয়ে আনতে হয়েছে। আজ ফুল হাতে হবিগঞ্জের তরুণ সমাজকে প্রতিনিধিত্বে একদল তরুণ-তরুণী আমাদের বসন্তের আগমনের শুভেচ্ছা জানিয়েছে। তাদের ব্যতিক্রমধর্মী এই উদ্যোগকে সাধুবাদ জানাই।
‘ডিউটিরত অবস্থায় এ ধরনের ফুলের শুভেচ্ছা এই প্রথম পেলাম। সত্যি খুব ভালো লাগছে।’ বললেন হবিগঞ্জ সদর থানায় কর্তব্যরত পুলিশ সদস্য ফেরদৌসি আক্তার ও তাসলিমা আক্তার।
সদর থানায় শুভেচ্ছা বিনিময় শেষ করে ‘ভলান্টিয়ার অ্যাকশন’ এর সদস্যরা রাস্তায় খেটে খাওয়া মানুষের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়াও তারা হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আব্দুল মালেক, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরীসহ বিভিন্ন শ্রেণীর পেশার প্রায় ২ শতাধিক মানুষের সাথে বসন্তের শুভেচ্ছা বিনিময় করেন।
ভলান্টিয়ার অ্যাকশন হবিগঞ্জের সভাপতি আরিফ তালুকদার ও সাধারণ সম্পাদক মো. রাজু মিয়া বলেন, আমরা সবসময়ই দেখে আসছি বসন্তবরণ বা এ ধরনের অনুষ্ঠান এক শ্রেণীর মানুষজন পালন করেন। তাই আমরা একটু ব্যতিক্রম চিন্তা করলাম। চেষ্টা করেছি সার্বজনীনভাবে পুলিশ সদস্যসহ কর্মজীবী ও শ্রমজীবী মানুষের সাথে এই দিনটির আনন্দ ভাগাভাগি করে নিতে।