Sylhet Today 24 PRINT

টিলাগড়ে ছিনতাইয়ের শিকার এক নারী

নিজস্ব প্রতিবেদক |  ১৩ ফেব্রুয়ারী, ২০১৭

সিলেট নগরীর টিলাগড় এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন এক নারী।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে টিলাগড় এলাকায় সিলেট-তামাবিল সড়কের ভাটাটিকর গলির মুখে এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীরা অস্ত্রের মুখে ওই নারীর ডায়মন্ডের লকেটসহ স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।

ছিনতাইয়ের শিকার কুলসুমা কাহের এম্মির স্বামী টিলাগড় মনাফ ম্যানশনের ব্যবসায়ী আব্দুল মওদূদ সোহেল জানান, ছেলেকে স্কলার্সহোম স্কুলে দিয়ে বাসায় ফিরছিলেন তার স্ত্রী। ভাটাটিকর গলির মুখে পৌঁছামাত্র মোটরসাইকেল যোগে আসা দুই ছিনতাইকারী কুলসুমার গলায় ছুরি ধরে। তারা কুলসুমার গলায় থাকা ডায়মন্ডের লকেটসহ স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে শিবগঞ্জের দিকে পালিয়ে যায়।

স্ত্রীর বরাত দিয়ে তিনি জানান, দুই ছিনতাইকারীর গায়ে ছিলো নীল রঙের জ্যাকেট এবং নীল রঙের ডিসকভারি মোটরসাইকেল নিয়ে তারা ছিনতাই করতে আসে। দু’জনের মাথায় হেলমেট পরা ছিলো। তাদের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর। বিষয়টি সিলেট মহানগরীর শাহপরান (রহ.) থানাকে অবগত করা হয়েছে।

এ ব্যাপারে সিলেট শাহপরান থানার ডিউটি অফিসারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে থানায় কোন অভিযোগ করা হয়নি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.