Sylhet Today 24 PRINT

সিলেটে অনুষ্ঠিত হলো নন ভ্যালেন্টাইনদের মহাসমাবেশ

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ফেব্রুয়ারী, ২০১৭

ভালোবাসা দিবসের আগের দিন ১৩ ফেব্রুয়ারি (সোমবার) সিলেটে অনুষ্ঠিত হয়ে গেলো নন ভ্যালেন্টাইন মহাসমাবেশ।

বসন্তের প্রথম দিন পহেলা ফাল্গুনে এই আয়োজন করে কাকতাড়ুয়া নামের স্থিরচিত্র ও চলচ্চিত্র বিষয়ক সংগঠন।

বিপুল আনন্দ আয়োজনে সিলেটের কাজিরবাজার সেতুতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেল তিনটা থেকেই সেতুতে অপ্রেম তরুণ-তরুণীরা আসতে শুরু করেন।

বাউল সম্রাট শাহ আবদুল করিমের 'বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে' গানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ঘন্টাব্যাপী চলে প্রেমের গান। আরো ছিলো প্রেমের সুফল ও কুফল নিয়ে আড্ডা, প্রেমের অভিজ্ঞতা ইত্যাদি। প্রানবন্ত সমাবেশ শেষে বের হয় 'সিঙ্গেল শোভাযাত্রা'। নেচে গেয়ে মজার মজার শ্লোগানে সিলেটের অপ্রেম তরুণ-তরুনীরা শোভাযাত্রায় অংশ নেয়। সাথী তোমার ভয় নাই-রাজপথ ছাড়ি নাই/ দুনিয়ার সিঙ্গেল এক হও, ভালোবাসো ইত্যাদি শ্লোগানে শোভাযাত্রাটি সমগ্র সেতু প্রদক্ষিণ করে। এসময় কয়েকটি প্রেমিক জুটিকেও নন ভ্যালেন্টাইন মহাসমাবেশে আসতে দেখা যায়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আসা একটি প্রেমিক জুটি তাদের প্রেমের গল্প সিঙ্গেলদের সামনে উপস্থাপন করেন।

নন ভ্যালেন্টাইন মহাসমাবেশে অংশ নেয়া নিশাত রাবেয়া হোসেন রাবু বলেন, “মহাসমাবেশ এতো মজার হয়, তা আগে জানতাম না। আমার মতো এখনো যারা মনের মানুষ খুঁজে পাননি, তাদের সাথে দেখা হলো। সবাই এতটাই আন্তরিক ছিলো যে মনেই হয়নি আজ প্রথম দেখা ছিলো।”

উত্তম কাব্য বলেন, “সিঙ্গেল লাইফ কিন্তু খারাপ না। এখানে এসে সবার হাসি খুশি চেহারা দেখে আমার তাই মনে হচ্ছে”।

অংশ নেয়া রুহেল বিন সাইদ বলেন, “ছোট ছোট কারণে অনেক সময় বড় প্রেম বিসর্জন দিতে হয়। সকলেরই তার প্রেমের প্রতি শ্রদ্ধা থাকা উচিত।”

বক্তারা এসময় মানবপ্রেমের পাশাপাশি দেশপ্রেম, সমাজের প্রতি দায়বদ্ধতা, নৈতিক উন্নতি ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। ভবিষ্যতে প্রতি বছর ভালোবাসা দিবসের আগের দিন এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কাকতাড়ুয়ার প্রচার সম্পাদক জীবন পাল।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এমসি কলেজ, সরকারি কলেজ, উইমেন্স কলেজ, মদনমোহন কলেজের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী এই মহাসমাবেশে অংশ নেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.