Sylhet Today 24 PRINT

প্রশ্নফাঁসের প্রভাব খতিয়ে দেখে পরীক্ষা বাতিলের ব্যাপারে সিদ্ধান্ত, সিলেটে শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৭

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, "কখন প্রশ্ন ফাঁস হয়েছে, কতোটুকু ফাঁস হয়েছে এবং সেটা পরীক্ষার্থীদের ওপর কতোটুকু প্রভাব ফেলেছে তা খতিয়ে দেখার পর এসএসসির গণিত পরীক্ষা বাতিলের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।"

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় ঢাকা থেকে সিলেট পৌঁছে ওসমানী বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

মন্ত্রী বলেন, "একক প্রচেষ্টায় প্রশ্ন ফাঁস বন্ধ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। যারা এই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত, তাদের খুঁজে বের করতে সাংবাদিকদেরও ভূমিকা রাখতে হবে।"

এসময় প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

উল্লেখ্য, এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল সোমবার ঢাকায় ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিন সন্ধ্যায় শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান, পরীক্ষার আগে প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়া গেলে পরীক্ষা বাতিল করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.