Sylhet Today 24 PRINT

মাধবপুরে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর মৃতদেহ সনাক্ত

মাধবপুর প্রতিনিধি |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৭

হবিগঞ্জের মাধবপুর উপজেলা হাসপাতাল এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর মৃতদেহ সনাক্ত করেছেন স্বজনরা।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করে সৎকার করা হয়। নিহত নারী মাধবপুর পৌর শহরের কাটিয়ার গ্রামের মৃত সুধাংশু দাসের স্ত্রী মনি রানী দাস (৪০)।

প্রতিবেশি তুসু রানি দাস ও পুলিশ সূত্রে জানা গেছে , ৫ ফ্রেব্রুয়ারি সন্ধ্যায় মনি রানী দাস তার ঘরে রান্না করছিলেন। কোন এক সংবাদ পেয়ে রান্না ফেলে রেখে ঘর থেকে বের হয়ে যান তিনি। এরপর থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। ছেলে শ্রীনিবাস সরকার সহ প্রতিবেশীরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেন।

মনা রানি দাসের স্বামী সুধাংশু দাস ২০ বছর আগে মারা যান। এরপর থেকে তিনি দুই ছেলেকে নিয়ে কাটিয়ারা গ্রামে একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। তাঁর বড় ছেলে হিমাংশু ভারতের আগরতলা শহরে রাজমিস্ত্রী কাজ করে। ছোট ছেলে শ্রীনিবাস কলেজে লেখাপড়ার পাশাপাশি একটি প্রতিষ্ঠানে চাকরি করে। মনি রানি দাস অভাবের তাড়নায় বিভিন্ন বাসা বাড়িতে কাজ করতেন। ব্যক্তিগতভাবে কোন বিষয় নিয়ে কারো সঙ্গে তাঁর বিরোধ ছিল না। তবে এ নির্মম পরিণতি এলাকাবাসী মেনে নিতে পারছেন না।

পুলিশের প্রাথমিক ধারনা এটি একটি হত্যাকাণ্ড। তবে কেন, কি কারণে তাকে হত্যা করা হয়েছে এ রহস্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা আশীষ কুমার মৈত্র জানান, মরদেহের ময়না তদন্ত শেষে মঙ্গলবার দুপুরে তার স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ঘটনার বিভিন্ন দিক মাথায় রেখে মামলাটি তদন্ত করা হচ্ছে। আশা করছি শীঘ্রই এর রহস্য উন্মোচন হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.