ছাতক প্রতিনিধি | ১৪ ফেব্রুয়ারী, ২০১৭
সুনামগঞ্জের ছাতকে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় রুম্মান আহমদ (২২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় প্রথমে ছাতক ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রুম্মান উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামের সমীর মিয়ার পুত্র।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে আমেরতল গ্রামের মসজিদ সংলগ্ন রাস্তায় এ হামলার ঘটনা ঘটে।
রুম্মানের বাবা সমীর মিয়া জানান, ঢাকায় প্রাইভেট চাকুরী করা রুম্মান আহমদ কয়েকদিন আগে বাড়িতে আসে। মঙ্গলবার বিকেলে কর্মস্থল ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে গ্রামের মসজিদের কাছে পৌছলে আগে থেকে ওঁত পেতে থাকা প্রতিপক্ষের লোকজন রুম্মানের উপর অতর্কিত হামলা চালায়। এতে রুম্মান গুরুতর আহত হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় রুম্মানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।