Sylhet Today 24 PRINT

সৌদি কিশোরের গুলিতে নিহত বশিরের পরিবার পেল ২ কোটি টাকা

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১৫ ফেব্রুয়ারী, ২০১৭

সৌদি কিশোরের গুলিতে নিহত হওয়ার ৭ বছর পর দুই কোটি টাকা ক্ষতিপূরণ পেলেন বাংলাদেশী শ্রমিক গোয়াইনঘাটের বশিরের পরিবার।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ভবনে বশির উদ্দিনের ৫ জন উত্তরাধিকারী স্ত্রী হোসনে আরা, দুই ছেলে সাঈদ আহমেদ ও আশরাফ আহমেদ, মেয়ে রুমানা আক্তার রুমি ও আরফিনা আক্তারের কাছে ওই টাকার চেক হস্তান্তর করে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বেগম শামছুন নাহার উপস্থিত ছিলেন।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের নিজধর গ্রামের ইব্রাহীম আলীর ছেলে ২০০৮ সালে সেখানকার একটি কোম্পানিতে চাকুরী নিয়ে সৌদি আরবে যান। সেখানে কর্মরত অবস্থায় ২০১০ সালের ১১ নভেম্বর সৌদি আরবের এক কিশোর তাকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় ওই কিশোরের বিরুদ্ধে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহযোগিতায় সৌদি আদালতে একটি হত্যা মামলা দায়ের করে বশিরের পরিবার। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বশির উদ্দিনের পরিবারের পক্ষে মামলাটি পরিচালনা করেন। দীর্ঘ ৭ বছর আইনি লড়াই শেষে বশিরের পরিবারের পক্ষে মামলার রায় হয়।

রায়ে ঘাতক সৌদি কিশোরের (বর্তমানে যুবক) বিরুদ্ধে খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যু দণ্ডাদেশ দেন দেশটির আদালত। পরে ওই কিশোরের পক্ষ থেকে বশির উদ্দিনের পরিবারের কাছে ‘ব্লাড মানি’র মাধ্যমে ক্ষমা প্রার্থনা ও দণ্ড মওকুফের আবেদন জানায়। এরপর আদালত ‘ব্লাড মানি’ বাবদ ক্ষতিপূরণ হিসেবে ২ কোটি ৯ লাখ ৮২ হাজার টাকা ক্ষতিগ্রস্ত পরিবারকে পরিশোধের নির্দেশ দেন।

রায়ের বিষয়টি প্রথমে সৌদিস্থ বাংলাদেশ দূতাবাসে আসে। পরে তা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডকে অবহিত করা হলে দূতাবাসের মাধ্যমে তারা টাকা আদায় করে।

নিহত বশিরের ভাই নজির আলী টাকা পাওয়ার কথা স্বীকার করে জানান, ওয়েজ আর্নার্স বোর্ডের সহযোগিতায় আমার ভাইয়ের পরিবার ক্ষতিপূরণ হিসেবে ২ কোটি ৯ লাখ ৮২ হাজার টাকা পেয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.