Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে খাদ্য বিষক্রিয়ায় বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ১৫ ফেব্রুয়ারী, ২০১৭

সিলেটের গোলাপগঞ্জে খাদ্য বিষক্রিয়ায় নাজমা বেগম (৬০) নামের এক বৃদ্ধা মারা গেছেন। আহত হয়েছেন তার পরিবারের আরো দুই সদস্য। নাজমা বেগম গোলাপগঞ্জের দাড়িপাতন এলাকার বাসিন্দা।

নাজমা বেগমের ছেলে জুনেল আহমদ জানান, তিনি ঢাকায় ছিলেন। বাসায় ছিলেন তার মা, স্ত্রী ও এক গৃহপরিচারিকা। মঙ্গলবার রাতে তারা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় স্বজনরা তাদের সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই নাজমা বেগম মারা যান। খাদ্যবিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন, বলেন জুনেল আহমদ।

নিজের স্ত্রীর বরাত দিয়ে জুনেল আহমদ বলেন, রাতে পানি খাওয়ার পরই তারা অসুস্থ হয়ে পড়েন।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলী খাদ্যবিষক্রিয়ায় একজনের মৃত্যু ও দুজন অসুস্থ হওয়ার খবর নিশ্চিত করে বলেন, কেউ এ ব্যাপারে কোনো অভিযোগ দেয়নি। জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করেছে পরিবার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.