সিলেটটুডে ডেস্ক | ১৫ ফেব্রুয়ারী, ২০১৭
নবনিযুক্ত সিইসিকে এক সময়ের ছাত্রলীগের ক্যাডার দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, “আওয়ামী লীগ আরেকটি ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের প্রেক্ষাপট তৈরি করছে। আমরা সেটা জাতিকে জানিয়েছি।
“গণতন্ত্রকে কবরস্থ করার যে নির্বাচন, সেটা এ সরকার, এ প্রধানমন্ত্রীর নেতৃত্বে হয়েছে ২০১৪ সালের ৫ জানুয়ারি। জনতার মঞ্চের ছাত্রলীগের সাবেক ক্যাডারকে সিইসি করে আবারো আরেকটি ৫ জানুয়ারির প্রেক্ষাপট তৈরিতে ব্যস্ত আওয়ামী লীগ।”
বুধবার জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিনিধি সম্মেলন উপলক্ষে চট্টগ্রামের আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
চট্টগ্রাম নগরীর একটি হোটেলে ওই প্রস্তুতি সভার আয়োজন করে কৃষকদলের চট্টগ্রাম বিভাগীয় কমিটি।
এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে তার পরিপক্কতা নিয়ে প্রশ্ন তুলছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
রাজপথে মিছিল করার সাহস ও দৃঢ়তা বিএনপির নেই দাবি করে দলটিকে শক্ত করে দাঁড়ানোর জন্য ওবায়দুল কাদেরের দেওয়া পরামর্শকে ‘বালকসুলভ’ বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার চট্টগ্রাম নগরীতে এক অনুষ্ঠানে দুদু বলেন, “পুলিশকে একটু পুলিশের মত রাখেন না, তারপর মাঠে নামেন দেখি, আমরাও নামব। আপনি পুলিশ-র্যাব নিয়ে চলবেন, মাঝে মাঝে মিলিটারিও সাথে রাখবেন, বিএনপিকে আক্রমণের মুখে রেখে শক্ত করে দাঁড়াতেও বলবেন।
“এগুলো বালকসুলভ আচরণ ও কথা। আপনার বয়স আর কত বাড়লে আপনি বুদ্ধিজ্ঞান সম্পন্ন হবেন। আপনি আর কত বড় হলে কাণ্ডজ্ঞান সম্পন্ন হবেন। আপনার বয়স তো পয়ষট্টি বা সত্তরের কাছাকাছি বোধহয়। এত বুদ্ধিহীনভাবে কথা বলেন কেন? আমরা তাকে প্রশ্ন করতে চাই।”
প্রতিনিধি সম্মেলনে চট্টগ্রাম বিভাগীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এম এ হালিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি এম এ তাহের ও যুগ্ম সাধারণ সম্পাদক তকদির হোসেন মো. জসিম বক্তব্য রাখেন।