Sylhet Today 24 PRINT

দণ্ডের বিরুদ্ধে রাগীব আলীর আপিল

নিজস্ব প্রতিবেদক |  ১৬ ফেব্রুয়ারী, ২০১৭

১৪ বছরের কারাদন্ডের রায়ের বিরুদ্ধে জেলা জজ আদালতে আপিল আবেদন করেছেন রাগীব আলী ও তাঁর ছেলে। বৃহস্পতিবার সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে এ আপিল (আপিল নং-৪১/১৭) আবেদন করা হয়।

ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলায় গত ২ ফেব্রুয়ারি শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইকে ১৪ বছর করে কারাদন্ড প্রদান করে সিলেট মহানগর মূখ্য হাকিম আদালত।

রাগীব আলী ও তার ছেলের পক্ষের আপিল দাখিলকারী আইনজীবী এটিএম মাসুদ টিপু ও আব্দুর রহমান আফজাল (স্বপন) বলেন, নিম্ন আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে রাগীব আলীর পক্ষে আদালতে আপিল দায়ের করা হয়েছে। এতে রাগীব আলীর জামিনেরও প্রার্থনা করা হয়।

আপীল আবেদনের পর বিচারক আগামী ৮ মার্চ আপিল শুনানি ও জামিন শুনানির তারিখ ধার্য করেছেন বলে জানিয়েছেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট মফুর আলী।

বুধবার প্রতারণার মাধ্যমে দেবোত্তর সম্পত্তি তারাপুর চা বাগান দখলে করে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকা আত্মসাৎ মামলায় রাগীব আলীসহ অন্য আসামীদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এ মামলায় রাগীব আলী ছাড়াও তার ছেলে আবদুল হাই, জামাতা আবদুল কাদির, মেয়ে রুজিনা কাদির, রাগীব আলীর আত্মীয় মৌলভীবাজারের দেওয়ান মোস্তাক মজিদ ও তারাপুর চা বাগানের সেবায়েত পংকজ কুমার গুপ্তকে আসামী করা হয়েছে।

একই দিনে প্রতারণার মাধ্যমে প্রত্রিকা প্রকাশের অভিযোগে দায়েরকৃত মামলায়ও রাগীব আলীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলায় গত ২ ফেব্রুয়ারি সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো দন্ডবিধির চারটি ধারায় রাগীব আলী ও তার ছেলের মোট ১৪ বছরের কারাদন্ডের আদেশ প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.