Sylhet Today 24 PRINT

ভাটেরায় পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক |  ১৬ ফেব্রুয়ারী, ২০১৭

সিলেট-আখাউড়া রেলপথের মৌলভীবাজার জেলার কুলাউড়ার ভাটেরা রেলস্টেশন সংলগ্ন এলাকায় পণ্যবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সারাদেশের সাথে সিলেটের রেলযোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ৩ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, বেলা ৩টার দিকে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা পণ্যবাহী একটি ট্রেন ভাটেরা স্টেশন সংলগ্ন এলাকায় আসলে ট্রেনটির একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। খবর পেয়ে কুলাউড়া রেল স্টেশনের লোকশেড থেকে একটি উদ্ধারকারী ট্রেনসহ (রিলিফ ট্রেন) একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা বলিত ট্রেনটি উদ্ধার কাজ শুরু করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেন যোগাযোগ বন্ধ থাকায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি সিলেটে এবং চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি কুলাউড়া রেলস্টেশনে আটকা পড়ে আছে।

ঘটনাস্থলে উদ্ধার কাজে থাকা ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মো. এরফানুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রেনটির দুটি চাকা লাইনচ্যুত হয়েছে। আমরা ট্রেনটি উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। সন্ধ্যা ৬টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.