নিজস্ব প্রতিবেদক | ১৬ ফেব্রুয়ারী, ২০১৭
বাঙালির হাজার বছরের ইতিহাসের সবচেয়ে গৌরবজ্জ্বোল সময় '৫২ আর '৭১। ভাষা আর স্বাধীনতার জন্য এই দুই বছরে রাজপথে নেমে এসেছিলো বাঙালি। দাম দিয়ে কেনার এই ইতিহাস ফুটে ওঠেছে নগরীর মীরের ময়দান এলাকার ডা. চঞ্চল সড়কের পাশের দেয়ালে।
রং তুলিতে এই সড়কের পাশের দেয়ালে আঁকা হয়েছে বায়ান্ন থেকে একাত্তরের বিভিন্ন গৌরবগাঁথা। জাতির জনক, বীরশ্রেষ্ট আর ভাষাসংগ্রামীরাও দেওয়ালে মূর্ত হয়ে ওঠেছেন শিল্পীদের তুলিতে।
মহান ভাষা আন্দোলনের মাসে ব্যতিক্রমী আয়োজনের সূচনা করেছে সিলেট সিটি কর্পোরেশন। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সিলেট আর্টস এন্ড অটিস্টিক স্কুল এই দেয়াল চিত্র অংকন করছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় মীরেরময়দানের পয়েন্টের দেয়ালজুড়ে চিত্র অংকনের মাধ্যমে এই কাজের সূচনা করা হয়। তুলি দিয়ে দেয়ালে রং লাগিয়ে এই কাজের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এস এম আবজাদ হোসেন, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমান, পেইন্টস স্পন্সর বার্জার পেইন্টসের সিলেট ব্রাঞ্চ ম্যানেজার প্রতাপ বড়ুয়া মিত্র।
এই দেয়ালচিত্র অংকনের শিল্প নির্দেশক সিলেট আর্টস এন্ড অটিস্টিক স্কুলের সদস্য সচিব চিত্রশিল্পী ইসমাইল গণি হিমন জানান, তারা স্বেচ্ছায় এই কাজের সাথে সম্পৃক্ত হয়েছেন। শুধু দিনে নয়, রাতভর তারা দেয়ালে দেয়ালে আকঁবেন ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধভিত্তিক নানাচিত্র।
এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, আমাদের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে দেয়ালের ক্যানভাসে ফুটিয়ে তোলা যেতে পারে। সেই ভাবনা থেকেই সিলেট মহানগরীর গুরুত্বপূর্ন স্থানের দেয়ালগুলোকে সুন্দরভাবে কাজে লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে সিলেট সিটি কর্পোরেশন। ডা. চঞ্চল রোডে দেয়ালচিত্র অংকনের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা হলো। এই কাজে সহযোগী হিসেবে এগিয়ে আসায় সিলেট আর্টস এন্ড অটিস্টিক স্কুল এবং বার্জার পেইন্টস কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানান তিনি।
সিলেট সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী বলেন, মীরের ময়দান থেকে রিকাবীবাজার এবং ব্লু বার্ড অভিমুখী রাস্তাকে কিভাবে আরও সুন্দর করা যায় সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। এই সড়কে বর্তমানে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড চলছে। এই কার্যক্রমও সৌন্দর্যবর্ধনেরই একটি অংশ।
সিলেট সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস এম আবজাদ হোসেন জানান, মহানগরীর সৌন্দর্যবর্ধন কার্যক্রমে সম্মানিত নাগরিকদেরকেও সম্পৃক্ত থাকতে হবে। বিশেষ করে এসব দেয়ালচিত্রে যাতে পোস্টার সাটিয়ে কিংবা অন্য কোন উপায়ে বিনষ্ট না করা হয় সেইদিকে সবাইকে সচেতন থাকতে হবে।
দেয়ালচিত্র অংকনের পেইন্টস স্পন্সর বার্জার পেইন্টসের সিলেট ব্রাঞ্চ ম্যানেজার প্রতাপ বড়–য়া মিত্র জানান, এর আগে তারা টি টুয়েন্টি বিশ্বকাপের সময়ও সিটি কর্পোরেশনের সৌন্দর্যবর্ধন কার্যক্রমে সহযোগিতা করেছেন। দেয়ালচিত্র অংকনকে অনুকরণীয় কাজ হিসেবে অভিহিত করে তিনি এরকম সুন্দর উদ্যোগে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।