Sylhet Today 24 PRINT

রসমেলাসহ ৫ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ১৬ ফেব্রুয়ারী, ২০১৭

নগরীর আম্বরখানা ও সুবিদবাজার এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে এ অভিযান চালিয়ে ৪৪ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

মেয়াদোত্তীর্ণ খাবার, প্যাকেটে মূল্য লেখা না থাকা বাসি খাদ্যপণ্য রাখা, অপরিচ্ছন্নভাবে খাবার বিক্রির দায়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট (মেট্রো) কার্যালয়ের সহকারি পরিচালক মো. জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়ে বলেন, অভিযানকালে নগরীর সুবিদবাজার তারাদিন সুপারশপে মেয়াদ ও মূল্য না লেখা অবস্থায় দুধের প্যাকেট জব্দ করা হয়। এ অপরাধে সুপার শপ কর্তৃপক্ষকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় মিষ্টি জাতীয় পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান রসমেলাকে মেয়াদোত্তীর্ণ নিমকি বিক্রির দায়ে ১০ হাজার টাকা এবং খোলা পরিবেশ রেখে খাদ্যপণ্য বিক্রির দায়ে ডিজিটাল ফাস্টফুড, ফয়েজ স্ন্যাকবার ও ফুডকিং নামের তিন প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা করে আরও ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে আরও পাঁচ প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকাসহ পাঁচ প্রতিষ্ঠানে মোট ৪৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.