বিয়ানীবাজার প্রতিনিধি | ১৭ ফেব্রুয়ারী, ২০১৭
‘নাটকে নাটকে উঠুক জ্বলে একাত্তর’ শ্লোগানে প্রতিষ্ঠিত বিয়ানীাজার সাংস্কৃতিক কমান্ড প্রবর্তিত বিসাক নাট্যজন সম্মাননা পদক-২০১৬ ও আব্দুল ওয়াদুদ রচিত ‘নাট্যচর্চায় বিয়ানীবাজার’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠেয় এ সম্মাননা পদক ও বইয়ের মোড়ক উন্মোচনে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বিসাক সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের চেয়ারম্যান একেএম গোলাম কিবরিয়া তাপাদার, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহীদুল ইসলাম চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. আসাদুজ্জামান, বিসাক’র সাবেক সভাপতি আব্দুস শুকুর।
বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ডের সাধারণ সম্পাদক আবিদ হোসেন জাবেদ ও সংস্কৃতি কর্মী সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিক্ষামন্ত্রীর এপিএস দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, সাংস্কৃতিক কর্মী এবাদ আহমদ, সংগঠনের কর্মকর্তা আতিকুল ইসলাম রুকন ও ছালেহ আহমদ শাহীন।
অনুষ্ঠানে নাট্যাঙ্গণে স্থানীয় পর্যায় বিশেষ অবদানের জন্য প্রয়াত তাজ উদ্দিন (মরনোত্তর), মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের চেয়ারম্যান একেএম গোলাম কিবরিয়া তাপাদার এবং ২০১৫ সালে ঘোষিত নাট্যাঙ্গণে সহযোগিতার অবদান রাখায় সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহীদুল ইসলাম চৌধুরীকে নাট্যজন পদক প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বৃটিশ শাসন আমল থেকে আমাদের সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন করার পায়তারা শুরু হয়েছে। পরবর্তীতে পাকিস্থানের বিভ্রান্ত মিথ্যাচার বাঙালির আবহমান সংস্কৃতির মারাত্মক ক্ষতি সাধিত হয়েছে। মন্ত্রী বলেন, চেতনা ছাড়া কোনো টেকসই উন্নয়ন সম্ভব নয়। দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সামগ্রিক উন্নয়নে সংস্কৃতির বিকাশ তথা উন্নতি খুবই প্রয়োজন। এজন্য সবার সহযোগিতা ও মুক্তিযুদ্ধের চেতনায় সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক কার্যক্রম বাড়াতে হবে। বাস্তবায়িত করতে হবে অসাম্প্রদাযিক চিন্তার সোনার বাংলাদেশ।