নিজস্ব প্রতিবেদক | ১৭ ফেব্রুয়ারী, ২০১৭
উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে নগরীর পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয় মাঠে বসন্ত উৎসব ১৪২৩ উপলক্ষে তিন নারী উদ্যোক্তাকে বিশেষ সম্মাননা দিয়েছে প্রতিষ্ঠানটি।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠানের প্রধান অতিথি জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন তিন নারী উদ্যোক্তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
উৎসবে নির্ভীক নারী উদ্যোক্তা হিসেবে সাংবাদিক বিলকিস আক্তার সুমি, তরুণ নারী উদ্যোক্তা হিসেবে রন্ধন শিল্পী সাবরিনা খান ও সৃজনশীল নারী উদ্যোক্তা হিসেবে কণ্ঠশিল্পী লাভলী দেবকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড.এ কে মোমেন বলেন, পুরুষের পাশাপাশি নারীরা এক সাথে কাজ করলে দেশ ও সমাজ এগিয়ে যাবে। নারীদের কাজে পুরুষদের সহায়তার আহ্বান জানান তিনি।
উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, এফবিসিসিআই এর পরিচালক শামীম আহমদ রাসেল, বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ওয়েছ খসরু, সিলেট ক্লাবের সভাপতি শোয়েব চৌধুরী, জেলা আওয়ামী লীগ উপদেষ্টা মণ্ডলীর সদস্য এস এম নুনু মিয়া প্রমুখ।
মমতাজ হারবাল প্রডাক্টের সহায়তায় দিনব্যাপী আয়োজিত উৎসবে নারী উদ্যোক্তাদের রকমারি পিঠার স্টলের পাশাপাশি ছিল শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উৎসবের আয়োজক সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায় বলেন, আমরা এসব উৎসবের মাধ্যমে সিলেট বিভাগের নারী উদ্যোক্তাদের একত্রিত করতে এসব অনুষ্ঠানের আয়োজন করছি। বাঙালির ঐতিহ্য ধরে রাখতে নারীদের বিশেষ ভূমিকা পালন করতে হবে। আর এর মধ্য দিয়েই অর্থনীতিতেও নারীদের অবদান থাকবে বলে জানান তিনি।
বিকেলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. রোকন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার এন্ড কমার্সের সহ-সভাপতি হাসিন আহমদ, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আজিজ আহমদ সেলিম।
সমাপনী অনুষ্ঠানে অতিথিরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ও সেরা পিঠার স্টল মালিকের হাতে পুরস্কার তোলে দেন।