নিজস্ব প্রতিবেদক | ১৮ ফেব্রুয়ারী, ২০১৭
পুলিশের সাথে সংঘর্ষের জের ধরে শনিবার সকাল ৬টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা মাইক্রোবাস শ্রমিক নেতারা। ডিবি পুলিশের হাতে আটক তিন শ্রমিকের মুক্তির দাবিতে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘোষণা দেওয়া হয়।
সিলেট জেলা মাইক্রোবাস সমিতির সভাপতি শাহ রিপন আহমদ জানান, শুক্রবার রাতে আমাদের তিন শ্রমিককে ডিবি পুলিশ আটক করে । পরে আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করলে পুলিশ আমাদের মারধর করে আহত করে। এসময় একটি পিকআপ ভ্যানও নিয়ে যায়। আটককৃতদের মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য এ পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
শুক্রবার রাত শুক্রবার রাতে সিলেট ল কলেজের সামনে পুলিশের সাথে পরিবহন শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে অনন্ত সাতজন আহত হয়েছেন। এদের মধ্যে মুশাহিদ আলী নামের ট্রাকশ্রমিককে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় দুজন পরিবহন শ্রমিককে আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর জেরে রাতে উপশহর পয়েন্ট এলাকায় সড়ক অবরোধ করে রাখে পরিবহন শ্রমিকরা। তখন পুলিশ সদস্যরা সেখানে এসে অবরোধ তুলে নেয়ার কথা বললেও তারা পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ লাটিচার্জ এবং কয়েক রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় অন্তত সাতজন আহত হন। তবে তাদের পরিচয় জানা যায়নি।
মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিন বলেন, দুজনকে আটকের জেরে ট্রাক শ্রমিকরা ডিবি পুলিশের অফিসে হামলা করেছিলো। এ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পরিস্থিতি শান্ত হয়।