Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারেও চলছে পরিবহন ধর্মঘট

বিয়ানীবাজার প্রতিনিধি |  ১৮ ফেব্রুয়ারী, ২০১৭

মাদকসহ দুই শ্রমিককে ছাড়িয়ে আনার সময় শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনার জেরে জেলা মাইক্রোবাস শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট বিয়ানীবাজারেও চলছে।

শনিবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। ফলে বিয়ানীবাজার থেকে বাস-ট্রাক-মাইক্রোসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘটের কারণে সকালে বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন রুটের যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে।

এদিকে, সকাল থেকে বিয়ানীবাজারি-সিলেট মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন পরিবহন শ্রমিকরা। সকাল থেকে দূর পাল্লার কোন যান বাহন ছেড়ে যেতে দেখা যায়নি।

তবে শেওলা ব্রিজ এলাকায় পরিবহন শ্রমিকরা নারী যাত্রীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করছেন বলেন স্থানীয়রা জানান। স্থানীয়দের দাবী শ্রমিকরা নারী যাত্রীদের গাড়ি থেকে টেনে হিচড়ে নামাচ্ছেন এবং তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করছেন।

সিলেট জেলা সড়ক পরিবহন ঐক্য পরিষদ বিয়ানীবাজার শাখার সভাপতি মানিক উদ্দিন বলেন, শুক্রবার রাতে তিন শ্রমিককে ডিবি পুলিশ আটক করে নিয়ে যায়। আটকদের মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। তাদের এ কর্মসূচির সাথে একাত্বতা পোষণ করে আজ সকাল থেকে বিয়ানীবাজার উপজেলায় সবধরনের পরিবহন চলাচল বন্ধ রয়েছে।

উল্লেখ্য, শুক্রবার রাত ৯টার দিকে সিলেট নগরীর উপশহর পয়েন্টে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় পরিবহন শ্রমিকরা। এতে দুই পুলিশসহ অন্তত ৭ জন আহত হন। পরে শ্রমিকদের মুক্তির দাবিতে রাত সাড়ে ১১টার দিকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় মাইক্রোবাস শ্রমিকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.