নিজস্ব প্রতিবেদক | ১৮ ফেব্রুয়ারী, ২০১৭
শ্রমিক-পুলিশ সংঘর্ষের জের ধরে সিলেটে শনিবার সকাল ৬ টা থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সিলেটের পুলিশ কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসন ও শ্রমিকদের বৈঠকে এ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিক নেতারা।
তিন শ্রমিককে আটক ও পুলিশের সাথে সংঘর্ষের জেরে গতকাল শুক্রবার রাত ১১ টার দিকে এ ধর্মঘটের ডাক দেয় জেলা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। আটক ৩ শ্রমিককে মুক্তি না দেয়া পর্যন্ত পরিবহন ধর্মঘট চলবে বলে জানিয়েছিলেন সিলেট জেলা মাইক্রোবাস সমিতির সভাপতি শাহ রিপন আহমদ।
এর প্রেক্ষিতে শনিবার দুপুরে শ্রমিক নেতাদের সাথে প্রশাসনের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিলেটের জেলা প্রশাসক, পুলিশ কমিশনারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।