Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে অপারেশন থিয়েটারে দুই চিকিৎসকের মারামারি

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৮ ফেব্রুয়ারী, ২০১৭

মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালের অপারেশন থিয়েটারে দুই চিকিৎসকের হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার হাসপাতালের অপারেশন থিয়েটারে এ ঘটনা ঘটে। এতে হাসপাতালের ওটি রুমের পাশে থাকা রোগীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসপাতালের অর্থপেডিক বিভাগের কনসালটেন্ট এ আল মামুন ওটিতে তার রোগীর অপারেশন করতে যান। এ সময় সার্জারি বিভাগের এক রোগীকে আগে সেলাই দিতে চাপ প্রয়োগ করেন মেডিকেল অফিসার আবু ইমরান। এনিয়ে দুই চিকিৎসকের মাঝে বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দুই জনই উত্তেজিত হয়ে একে অপরকে কিল ঘুষি মারতে থাকেন। পরে হাসপাতালের তত্ত্বাবধায়কসহ অন্যরা এসে বিষয়টি মিমাংসা করে দেন।

এ বিষয়ে ডা. এ আল মামুন জানান, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে মেডিকেল অফিসার।

ডা. আবু ইমরান হাতাহাতির ঘটনা স্বীকার করে জানান, বিষয়টি মিমাংসা হয়ে গেছে।

আবাসিক মেডিকেল অফিসার ডা. পলাশ রায় বলেন, 'চিকিৎসকদের কথা কাটাকাটির ঘটনা হাতাহাতির পর্যায়ে  গিয়েছিল। তত্ত্বাবধায়কসহ সিনিয়র চিকিৎসকদের উপস্থিতিতে তারা দুঃখ প্রকাশ করলে বিষয়টি সমঝোতা হয়।'

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথি দত্ত  কানুনগো বলেন, 'তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দুই চিকিৎসকের মধ্যে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। পরে তারা দুঃখ প্রকাশ করলে বিষয়টি মিমাংসা হয়ে যায়।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.