জগন্নাথপুর প্রতিনিধি | ১৮ ফেব্রুয়ারী, ২০১৭
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সর্বমোট ১১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল ১১ টায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করে দেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
তিন পদেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী দিলেও শুধু ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী দিয়েছে জমিয়তে ইসলাম বাংলাদেশ। এসব সংগঠনের মনোনীতরা আগেই প্রতীক পেয়েছেন। তবে স্বতন্ত্র প্রার্থীরা অপেক্ষায় থাকতে হয় প্রতীক বরাদ্ধের সময় পর্যন্ত।
চেয়ারম্যান পদে প্রতীক প্রাপ্তদের মধ্যে আছেন আ’লীগের মনোনীত বর্তমান উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান (ধানের শীষ) ও আ’লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা (আনারস)।
ভাইস চেয়ারম্যান পদে প্রতীক প্রাপ্তরা হলেন আ’লীগের বিদ্রোহী প্রার্থী কামাল উদ্দিন (তাল), আওয়ামী লীগ মনোনীত ভাইস চেয়ারম্যান বিজন কুমার দে (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হাজী সুহেল খাঁন টুনু (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী ফয়জুল হক (টিউবওয়েল) ও জমিয়ত মনোনীত প্রার্থী সৈয়দ ছলিম আহমদ কাসেমী (খেজুর গাছ)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রতীক পেয়েছেন আ’লীগের প্রার্থী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী (নৌকা) , বিএনপি'র মনোনীত প্রার্থী ফারজানা আক্তার (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী সুফিয়া খানম সাথী (ফুটবল)।
সকল প্রার্থীদের প্রতীকের সত্যতা নিশ্চিত করেছেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সহকারী রির্টানিং কর্মকর্তা ও জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ।
প্রতীক বরাদ্ধের পরপরই প্রতীক নিয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন প্রার্থীসহ সমর্থক ও দলীয় নেতৃবৃন্দ। অনেক প্রার্থীকে স্থানীয় পৌর শহরের জগন্নাথপুর বাজারে ভোট প্রার্থনা করতে দেখা যায়। আবার কোনো কোনো প্রার্থী বিভিন্ন ইউনিয়নে গিয়ে ভোট প্রার্থনা করেছেন।
আ’লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগ করেছেন এবং তাঁর প্রাপ্ত প্রতীক নৌকায় ভোট প্রার্থনা করেন। আ’লীগের মনোনীত প্রার্থীর সাথে গনসংযোগে ছিলেন জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, স্থানীয় ইউপি আ’লীগের সাধারন সম্পাদক দ্বীপাল কান্তি দেব, ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম মুন্নাসহ দলীয় নেতাকর্মীরা।
এদিকে, চেয়ারম্যান পদে আ’লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তাকে তাঁর নির্বাচনী এলাকা জগন্নাথপুর বাজারে আনারস প্রতীকের পক্ষে গনসংযোগ ও ভোট প্রার্থনা করতে দেখা গেছে। তাঁর পক্ষে গনসংযোগ করেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদ আহমদ, হুমায়ুন আহমদ তালুকদার, যুবলীগ নেতা বিশ্ব বৈদ্য, আক্তার হোসেন, জেলা ছাত্রলীগের উপ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সিতু মিয়া, উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সহ-সভাপতি সৈয়দ তানিন আহমদ, যুগ্ম-সম্পাদক হাবিবুর রহমান জুয়েল, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, পাইলগাঁও ইউপি ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সাইফুর রহমান সোহাগ, ছাত্রলীগ নেতা সোলেমান আহমদ প্রমুখ।
অন্যদিকে, বিএনপির দলীয় প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান তাঁর প্রাপ্ত দলীয় প্রতীক ধানের শীষে জগন্নাথপুর বাজারে দলীয় নেতাকর্মীদের নিয়ে ভোট প্রার্থনা করেছেন। এ সময় উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সাধারন সম্পাদক কবির আহমদ, ছাত্রদল নেতা নুরুল আমিন, জাকির হোসেনসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আ’লীগের বিদ্রোহী ভাইস চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন প্রাপ্ত প্রতীক তালা নিয়ে পৌর এলাকার বিভিন্ন স্থানে গনসংযোগ ও ভোট প্রার্থনা করেছেন। তাঁর সাথে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহীম আলী, যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, সৈয়দ জিতু মিয়া, দিলবর মিয়া, নজির হোসেন, আব্দুল হাফিজ প্রমুখ।
এছাড়াও বিএনপি মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী হাজী সোহেল আহমদ টুনু ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থী ফয়জুর হক টিউবওয়েল, বাংলাদেশ জমিয়নের উলামায়ে ইসলাম’র মনোনীত প্রার্থী সৈয়দ ছলিম আহমদ কাসেমী খেজুর গাছ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারি নৌকা, বিএনপি'র মনোনীত প্রার্থী ফারজানা আক্তার ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থী সুফিয়া খানম সাথী ফুটবল প্রতীকে তাঁদের নির্বাচনী বিভিন্ন এলাকায় ভোট প্রার্থনা করে গনসংযোগ করেছেন।