Sylhet Today 24 PRINT

শিশু ইমন হত্যা : দ্রুতবিচার ট্রাইব্যুনালে চার্জ গঠন

নিজস্ব প্রতিবেদক |  ১৯ ফেব্রুয়ারী, ২০১৭

সুনামগঞ্জের ছাতক উপজেলার শিশু ইমন হত্যা মামলার চার্জ গঠন করা হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সিলেটের দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান চাঞ্চল্যকর এ শিশু হত্যা মামলার চার্জ গঠন করেন।

মামলার ৭ আসামীর মধ্যে ৩ জনকে বাদ দিয়ে ৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পিপি কিশোর কুমার কর।

তিনি জানান, মামলায় জামায়াত নেতা সুয়েবুর রহমান সুজন, জায়েদ, রফিক ও পলাতক সালেহ আহমদের বিরুদ্ধে চার্জ গঠন এবং অপর আসামী বাচ্চু, বাহার ও নুরুল আমিনকে বাদ দেওয়া হয়েছে।

৩ আসামী বাদ দেওয়ার কারণে বাদি পক্ষ অসন্তুষ্ট হলে উচ্চ আদালতে যেতে পারেন বলে জানিয়েছেন পিপি। মামলার পরবর্তী তারিখ ৫ মার্চ নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামের সৌদি প্রবাসী জহুর আলীর ছেলে ও লাফার্জ সুরমা সিমেন্ট কারখানার কমিউনিটি বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র ছিল ইমন। ২০১৫ সালের ২৭ মার্চ তাকে অপহরণ করা হয়। পরে মুক্তিপণের টাকা পাওয়ার পরও অপহরণকারীরা শিশু ইমনকে হত্যা করে। ৮ এপ্রিল মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে কদমতলী বাসস্ট্যান্ড থেকে শিশু ইমনের হত্যাকারী ঘাতক ইমাম সুয়েবুর রহমান সুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, বিষের বোতল ও রক্তমাখা কাপড় উদ্ধার করে। এমনকি বাতিরকান্দি হাওর থেকে ইমনের মাথার খুলি ও হাতের হাড় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত ইমনের বাবা জহুর আলী বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ছাতক থানায় মামলা (নং-৩২) করেন। চলতি বছরের ২১ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাঞ্চল্যকর এ মামলাটি দ্রুতবিচার ট্রাইব্যুনালে প্রেরণের জন্য গেজেট প্রকাশ করে। ফলে ১৯ সেপ্টেম্বর থকেই দ্রুত ট্রাইব্যুনালে মামলাটির কার্যক্রম শুরু হয়। একাধিক শুনানি শেষে আজ থেকে মামলার বিচার শুরু হল।

নিহত শিশু মোস্তাফিজুর রহমান ইমনের পিতা ও মামলার বাদী জহুর আলী জানান, বাদ দেওয়া তিন আসামীর মধ্যে বাহার অপহরণে এবং অপহরণকারীদের পালিয়ে যেতে সহায়তা করে। অন্য দুজনও জড়িত। তাদের বাদ দিয়ে বিচার শুরু করায় তিনি উচ্চ আদালতে যাবেন বলে জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.