Sylhet Today 24 PRINT

এবার জাফলংয়ে পাথর উত্তোলনকালে দুই শ্রমিক নিহত, আটক ৬

নিজস্ব প্রতিবেদক |  ১৯ ফেব্রুয়ারী, ২০১৭

এবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পাথর উত্তোলনকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে বিজিবি ক্যাম্প সংলগ্ন সোনা টিলায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করেছে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন। আটককৃতদের মধ্যে কোয়ারি মালিক দুলাল আহমদও রয়েছেন। বাকী পাঁচ জন পাথর শ্রমিক, বলেন ওসি।

নিহত কামরুজ্জামান ও তাজউদ্দিন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা।

এই কোয়ারিতে পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা রয়েছে জানিয়ে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন আহমদ বলেন, চুরি করে কেউ কেউ পাথর উত্তোলন করতো।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিজিবির ক্যাম্প সংলগ্ন সোনাটিলা থেকে কিছুদিন ধরেই চুনাপাথর উত্তোলন চলছে। ওই কোয়ারিতে কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল গ্রামের মদরিস আলীর পুত্র কামরুজ্জামান, জিয়াদুর রহমানের পুত্র তাজউদ্দিন, মছফত আলীর পুত্র আব্দুর রশিদসহ কয়েকজন শ্রমিক কাজ করতেন। রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে পাথরচাপা পড়ে কামরুজ্জামান ও তাজউদ্দিন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

অপরদিকে আব্দুর রশিদ গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ নিয়ে গত একমাসে দিনে সিলেটের বিভিন্ন কোয়ারিতে পাথর উত্তোলনকালে মাটিচাপায় মারা গেছেন অন্তত ১৩ শ্রমিক। এর মধ্যে সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে গত ২৩ জানুয়ারি কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায়। পুলিশের ভাষ্য মতে, ওইদিন টিলা ধসে মারা যান পাঁচ শ্রমিক।

এছাড়া বিছনাকান্দি, লোভাছড়ায় মাটিচাপায় শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটে।

জেলা প্রশাসনের হিসাবে, গত ছয় মাসে শাহ আরেফিন টিলা ধসে মারা গেছেন ১৮ শ্রমিক। তবে স্থানীয়দের হিসেবে এ সংখ্যা আরও বেশি।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.