Sylhet Today 24 PRINT

জাফলংয়ে নির্মাণাধীন সেতুর চেইন ছিঁড়ে ব্যবসায়ীর মৃত্যু

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২০ ফেব্রুয়ারী, ২০১৭

সিলেটের জাফলংয়ের নির্মাণাধীন সেতুর চেইন ছিঁড়ে পাথর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) পিয়াইন নদীর উপর নির্মাণাধীন সেতুর চেইন ছিঁড়ে এই পাথর ব্যবসায়ীর মৃত্যু ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুস সামাদ (৬৫)। তিনি গোয়াইনঘাট উপজেলার আসামপাড়া গ্রামের মৃত আব্দুল বাছেদের পুত্র।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে নির্মাণাধীন সেতুটির একটি পিলারের কাজ চলাকালীন সময়ে পাশে দাঁড়িয়ে দেখছিলেন আব্দুস সামাদ। এ সময় পিলারটির সরঞ্জামের সাথে বাধা একটি চেইন হঠাৎ করে ছিড়ে গিয়ে সজোরে তার মাথায় আঘাত করলে তাঁর মাথা ফেটে যায়। এতে সাথে সাথেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

সেখান থেকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.