Sylhet Today 24 PRINT

জাফলংয়ে চুনাপাথর কোয়ারিতে শ্রমিক নিহতের ঘটনায় মামলা

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২০ ফেব্রুয়ারী, ২০১৭

সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে চুনাপাথর কোয়ারিতে মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহতের ঘটনায় গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে থানার এসআই মঞ্জুরুল আলম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন। মামলা নং ২০/১৯-০৭-২০১৭।

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মামলার এজাহার নামীয় ৬ ব্যক্তিকে রোববার রাতেই জাফলং এলাকা থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারককৃত ব্যক্তিরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল গ্রামের সামসুজ্জামান, ওয়াহিদ উল্লাহ, আজমান আলী, বাচ্চু মিয়া, ভুলাই মিয়া ও গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর গ্রামের দুলাল মিয়া।

সোমবার সকালে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন জানান, চুনাপাথর কোয়ারি এলাকায় চুনাপাথর উত্তোলনের গর্তে মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত হওয়ার এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি মামলার এজাহার নামীয় ৬ ব্যক্তিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার অপর আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, রবিবার বিকেলে জাফলংয়ে চুনাপাথর কোয়ারি এলাকায় একটি চক্র গর্ত থেকে চুনাপাথর উত্তোলনের সময় আকস্মিকভাবে পাড় ধসে মাটি নিচে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.